নিজস্ব প্রতিবেদক: প্রবাস জীবেনে কম বেশি সবাই কর্মব্যস্ত সময় কাটান। নিজের পরিবার পরিজনসহ প্রিয়জন থেকে থাকেন অনেক দূরে। এমন পরিস্থিতিতে ঈদের উৎসবেও যেন থাকে না তেমন আমেজ। তবে প্রবাসীদের সেই কর্মব্যস্ততার মধ্যে সবাইকে কিছুটা হলেও আনন্দ দেয়ার চেষ্টা করেছে প্রবাসে বাংলাদেশি উদ্যেক্তাদের মালিকানায় অন্যতম প্রধান ফার্নিচার স্টোর ‘স্টার ফার্নিচার’।
গত রোববার (৮ মে) নিউইয়র্কের হল ভর্তি দর্শক -শ্রোতার উচ্ছাসে অনুষ্ঠিত হয়েছে ম্যাগাজিন অনুষ্ঠান ‘ঈদ আনন্দ রঙ’। যেখানে প্রায় ৩৫০ জনেরও বেশি দর্শক উপস্থিত ছিলেন। রঙের আবীরে ব্যাতিক্রমী পরিবেশনার মাধ্যমে উডসাইডের কুইন্স প্যালেস মিলনায়তনে আয়োজিত হয় এই অনুষ্ঠান। ব্যাতিক্রমী সাজানো-গোছানো ঈদ পরবর্তী এই অনুষ্ঠান প্রবাসীদের মাঝে ঈদের আনন্দ বাড়িয়ে দিয়েছে অনেকটাই।
সরজমিনে দেখা গেছে, স্টার ফার্নিচারের কর্ণধার এবং এই অনুষ্ঠানের উপস্থাপক-পরিচালক তারুণ্যদীপ্ত রকি আলিয়ানের গ্রন্থনা, ছন্দে ও কথার যাদুতে ম্যাগাজিন অনুষ্ঠানটিকে আকর্ষণীয় করে তুলে। নান্দনিক মঞ্চ সাজিয়ে বর্ণিল আলোক ছড়িয়ে ঈদ আনন্দ রঙের শিল্পী-কলাকুশলী ও পেছনের কারিগরদের নিরলস প্রচেষ্টায় ২০১৮ সালের পর থেকে পঞ্চম বারের মতো ব্যাতিক্রমী ম্যাগাজিন অনুষ্ঠান উপহার পেল প্রবাসীরা। অবশ্য করোনার ভয়াবহতার কারণে গত দুই বছর ঈদুল ফিতর পরবর্তী এই ম্যাগাজিন অনুষ্ঠানটি আয়োজন করা সম্ভব হয়নি।
মূল সঞ্চালক রকি আলিয়ানের স্যাটায়ারধর্মী ও শব্দের উপস্থাপনা উপভোগ্য ম্যাগাজিন অনুষ্ঠানটির এক পর্বের সাথে অপর পর্বের যোগসূত্র গেঁথে দিয়েছে। যেন একটি ফুলের সাথে আরো ফুলের যোগে মালা তৈরি হয়ে গেলো। অনেক ব্যক্তি ও প্রতিষ্ঠান আছে যারা অনুষ্ঠানের নাম করে পাতেন অর্থ হাতিয়ে নেওয়ার ফাঁদ। তবে প্রবাসী বাংলাদেশিরা বলছেন, এই অনুষ্ঠানজুড়ে ছিলো আনন্দ, উৎসাহ আর আয়োজকরা ছিলেন নির্জলা আন্তরিক।
কখনো গানে, কখনো নৃত্যে বা কথামালায়। শুরুতে মায়েদের জন্যে সামিয়া সুলতানার সলো গীতি নৃত্য উপস্থাপনের পরই মঞ্চে আসেন হাস্যজ্জল সহযোগী উপস্থাপিকা স্বপ্নিল তিথি। ভূমিকা, ঈদ ও মা দিবসের শুভেচ্ছা জানিয়ে মঞ্চে ডেকে আনেন মূল উপস্থাপককে। এসময় সফিক ঢুলীর ডোলের তালের সাথে পা মিলিয়ে মঞ্চে আসেন রকি আলিয়ান। তিনি আয়োজক প্রতিষ্ঠানের কর্মকর্তাদেরকে মঞ্চে এনে দর্শকদের সাথে পরিচয় ও শুভেচ্ছা বিনিময় করিয়ে দেন। স্টার ফার্নিচারের অংশীদার সাবরিনা খান, আতিক ইকবাল, আইরিন সাদিয়া ও রকি আলিয়ান পরিচিত হোন উপস্থিত দর্শকদের সাথে। স্টার ফার্নিচারের প্রতিষ্ঠাতা দুলাল হোসেন মাল বাংলাদেশে থাকায় তার অবদানের কথাও শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। এরপর মঞ্চে আসেন ড্রিম রিয়েল এস্টেট ও ডেভেলপমেন্ট ইনকের প্রতিষ্ঠাতা অমিত বড়ুয়া, সুমন শহীদ ও রকি আলিয়ান।
করোনা মহামারীতে মৃত্যুবরণকারীদের প্রতি শোক জানিয়ে ৩০ সেকেন্ড নিরবতা পালন করে মহামারী মোকাবেলায় সক্রিয় ‘কোভিড’ হিরোদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এ পর্বের পরিচালনার দায়িত্বে ছিলেন শরীফ হোসাইন।
এর পরে মাকে নিয়ে গাওয়া প্রখ্যাত শিল্পী জেমসের ‘দশ মাস দশ দিন ধরে সঙ্গীতটি গেয়ে শোনান উদ্দিপ্ত চৌধুরী। সাপুরে ও বেদেনীর চমৎকার সজ্জায় সঙ্গীত পরিবেশন করেছেন চন্দন চৌধুরী ও ত্রিনিয়া হাসান। গানটি ছিল ‘বাবু সালাম বারে বার’। মায়ের নানা কথা নিয়ে সাজানা পর্বের অতিথি ছিলেন সফল ব্যবসায়ী ও এ প্রজন্মের ৩ সন্তানের মাতা মুনমুন হাসিনা বারী। মা দিবস উপলক্ষে তাদের কথোপোকথনে আবেগ ও ভবিষ্যত করণীয় কিছু পরামর্শ উঠে আসে। এর পর আবারো মঞ্চে আসেন চন্দন চৌধুরী। তার ‘বৃদ্ধাশ্রম’ গানটি পরিবেশনার সময় হলে ছিল নিরবতা,স্তব্ধতা। স্বরলিপির একদল তরুণী নানা সাজের কয়েকটি চমৎকার নৃত্য পরিবেশন করেন। আঞ্চলিক গানের সাথে তাদের কোরিওগ্রাফী দর্শকরা নিশ্চিত উপভোগ করেছেন।প্রবাসের জনপ্রিয় কণ্ঠশিল্পী রোকশানা মির্জা হাতে একতারা নিয়ে ভিন্ন ব্যঞ্জনায় পরিবেশন করেছেন লালন ফকিরের “তিন পাগলের হল মেলা’ গানটি।
এর পরই ছিল অডিয়েন্স থেকে ৩ জন মহিলা ও ১জন পুরুষ দর্শকদের নিয়ে চলচ্চিত্র বিষয়ক প্রশ্ন ও তাদের দিয়ে গান ও অভিনয় পর্ব সাজানো হয়। কণ্ঠশিল্পী ত্রিনিয়া হাসানের একক সঙ্গীতের পর ছিল রকি আলিয়ানের রস্যাত্ব সম্পাদনা ‘রাত ১০টার সংবাদ’। যেখানে অংশগ্রহণ করেন সুরাইয়া, স্বপ্নীল, ইনাম ও জয়। দর্শকদের করতালি পেলেও এ পর্বের দীর্ঘস্থায়ীত্বে বিরক্তির চাপ দেখা গেছে দর্শকদের চোখে-মুখে । রম্য নাটিকায় অংশ নেয় রকি আলিয়ান, জাহাঙ্গির জয় ও আতিক ইকবাল। মাকে নিয়ে শামীম সিদ্দিকির একক সঙ্গীতের পর মাইশা ও তার দলের বাংলা গান পরিবেশনাই ছিল শেষ আয়োজন।
এরপর রকি আলিয়ানের চমৎকার কিছু কথামালার মধ্য দিয়ে ম্যাগাজিন অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে। সকালে কাজ ও ছেলেমেয়েদের স্কুল থাকায় উপস্থিত অভিভাবকদের বের হতে সময় বেজেছিল রাত সাড়ে ১১টা। আগে চলে যেতে ইচ্ছা করলেও উপভোগ্য অনুষ্ঠানের কথা ভেবেই বসে ছিলেন বলে জানালেন এলমহার্ষ্টের গৃহিনী সোমা আক্তার। এতে রকি আলিয়ানসহ টিমের সার্থকতায় পাখায় যেন একটি বেশী পালক লাগিয়ে দিয়েছে।



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন