সিএন প্রতিবেদন: মধ্যপ্রাচ্যে ইরানপন্থী চারটি মিলিশিয়া সংগঠনকে আনুষ্ঠানিকভাবে ‘বিদেশি সন্ত্রাসী গোষ্ঠী’ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। বুধবার এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, ঘোষিত চারটি সংগঠন হলো—হারাকাত আল-নুজাবা, কাতায়েব সাইয়্যিদ আল-শুহাদা, হারাকাত আনসার আল্লাহ আল-আউফিয়া এবং কাতায়েব আল-ইমাম আলি। এর মধ্যে কাতায়েব সাইয়্যিদ আল-শুহাদা ২০২৩ সালেই একই তালিকায় অন্তর্ভুক্ত ছিল।
দীর্ঘদিন ধরে এই সংগঠনগুলোর বিরুদ্ধে মার্কিন অভিযোগ ছিল—তারা ইরাকসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে মার্কিন দূতাবাস ও সামরিক ঘাঁটিতে হামলা চালিয়ে আসছে। যুক্তরাষ্ট্র এবার আনুষ্ঠানিকভাবে সেসব অভিযোগের ভিত্তিতেই পদক্ষেপ নিল।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক বিবৃতিতে বলেন, ইরান সমর্থিত এই গোষ্ঠীগুলো সরাসরি মার্কিন স্বার্থকে টার্গেট করেছে। একাধিকবার বাগদাদের মার্কিন দূতাবাস ও আঞ্চলিক জোট বাহিনীর ঘাঁটিতে তারা হামলা চালিয়েছে।
তিনি অভিযোগ করেন, সরাসরি সম্পৃক্ততা গোপন করতে এসব গোষ্ঠী প্রায়ই ভুয়া নাম ব্যবহার করে বা প্রক্সি বাহিনী গঠন করে হামলা চালায়। এতে আঞ্চলিক অস্থিতিশীলতা আরও জটিল হয়ে উঠছে।
আন্তর্জাতিক মহলের মতে, যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত ওয়াশিংটন ও তেহরানের টানাপোড়েনকে আরও বাড়িয়ে দিতে পারে। তবে মার্কিন প্রশাসনের দাবি, নাগরিক ও কূটনৈতিক স্বার্থ রক্ষায় এ পদক্ষেপ অত্যন্ত জরুরি ছিল।



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন