শনিবার, ১৪ মার্চ ২০২৬

শিরোনাম

যুক্তরাষ্ট্রের ১৫টি শহরে মুক্তি পাচ্ছে দেশীয় চলচ্চিত্র ‘দামাল’

শুক্রবার, নভেম্বর ১৮, ২০২২

প্রিন্ট করুন

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কসহ ১৫ টি শহরে মুক্তি পেতে যাচ্ছে মুক্তিযুদ্ধভিত্তিক আলোচিত চলচ্চিত্র ‘দামাল’। আগামী ১৮ নভেম্বর থেকে পর্যায়ক্রমে শহরগুলোতে এই চলচ্চিত্র প্রদর্শন করা হবে।

বুধবার (১৬ নভেম্বর) জ্যাকসন হাইটসের মুনলাইট রেস্টুরেন্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বায়োস্কোপ ফিল্মসের সিইও রাজ হামিদ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ১৮ নভেম্বর (শুক্রবার) নিউইয়র্কের জ্যামাইকা মাল্টিপ্লেক্স, ক্যালফোর্নিয়ার নর্থ হলিউড, সান ফ্রান্সিসকো, টেক্সাসের ডালাস, হিউস্টোন, বাল্টিমোর, শিকাগো, ওরল্যান্ডো, মিয়ামি, ডেট্রয়েট, রেনো, পোর্টল্যান্ড, বোস্টনসহ ১৫টি শহরে মুক্তি পেতে যাচ্ছে দামাল।

এরপর আগামী ২ ডিসেম্বর রিগ্যাল, হারকিনস, সিনেমার্কের ৫০টি থিয়েটারে মুক্তি পাবে ‘দামাল’। এরই মধ্যে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে।

সংবাদ সম্মেলনে বায়োস্কোপ ফিল্মসের সিইও রাজ হামিদ বলেন, মুক্তিযুদ্ধের সময়কার স্বাধীন বাংলা ফুটবল দলের গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমা দামাল। মুক্তিযোদ্ধাদের অর্থের যোগান দিতে পশ্চিমবঙ্গসহ ভারতের বিভিন্ন স্টেডিয়ামে কিভাবে ফুটবল খেলে টাকা তুলে মুক্তিযোদ্ধাদের সাহায্যে করা হতো, তাই তুলে ধরা হয়েছে সিনেমাটিতে। যুক্তরাষ্ট্রসহ প্রবাসে বেড়ে উঠা বাঙ্গালী প্রজন্মের কিশোর-কিশোরী ও শিশুরা ছবিটি দেখলে মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে আগ্রহী হবে। সেই সাথে ছবিটি দেখলে জীবনে চলার পথে ঘাত-প্রতিঘাতে ঘুরে দাঁড়ানোর অনুপ্রেরণা জাগবে।

তিনি আরও বলেন, ২০১৭ সালে যাত্রা শুরু করে বায়োস্ক্রোপ ফিল্ম। এ পর্যন্ত ২৮টি ছবি যুক্তরাষ্ট্র ও কানাডায় প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে। দামাল হচ্ছে ২৯তম ছবি। এই ছবিতে ইংরেজি সাবটাইটেল আছে। যারা বাংলা বুঝে না, তারাও দেখতে পারবে।

রাজ হামিদ বলেন, বাংলা ছবি নিয়ে কাজ করায় প্রথম দিকে অনেকেই হাসি-ঠাট্টা করলেও এখন বেশ সাড়া পাওয়া যাচ্ছে। বাংলা ছবি দেখানোর পিছনে দুটো লক্ষ্য ছিল। এর মধ্যে অন্যতম যুক্তরাষ্ট্রসহ প্রবাসে বাংলা ছবির দর্শক তৈরি করা এবং কি ধরনের ছবি হওয়া প্রয়োজন দর্শকরাই যাতে তা ঠিক করতে পাওে, এটাই নিশ্চিত করা। আমেরিকার বিভিন্ন শহরে সাম্প্রতিক সময়ে বাংলা চলচ্চিত্রের সফল প্রদর্শনী উৎসাহজনক। নিউয়র্কের মতো বড় শহরের বাইরেও প্রান্তিক আমেরিকার বিভিন্ন হলে বাংলা চলচ্চিত্রের দর্শক এখন প্রচুর।

সাপ্তাহিক পরিচয় সম্পাদক নাজমুল আহসান বলেন, নতুন উদ্যেগকে সমর্থন দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে কমিউনিটির সাংবাদিকরা। বাংলা সিনেমা কমিউনিটিতে দ্রুতই তার জায়গা করে নিবে। রুচিশীল বাংলা সিনেমা, যে গুলো কমিউিনিটির মানুষের জীবনের সাথে বিভিন্নভাবে সম্পৃক্ত সে গুলো প্রদর্শনের ব্যবস্থা হলে সবাই উপকৃত হবে।

প্রথম আলো উত্তর আমেরিকার সম্পাদক ইব্রাহীম চৌধুরী বলেন, আমরা ভাবতাম আমাদের জীবন নিয়ে এভাবে একদিন সিনেমা হবে। পরিচালক, রচয়িতাদের উদ্ভুদ্ধ করতে হবে। দামাল মুক্তিযুদ্ধেও সিনেমা। ডিসেম্বর মাসকে সামনে রেখে দামাল চমৎকার সাড়া ফেলবে।

বাংলাদেশ প্রতিদিন উত্তর আমেরিকার নির্বাহী সম্পাদক লাভলু আনসার বলেন, মুক্তিযুদ্ধের সময় ফুটবল খেলার সাথে সাথে গান গেয়ে আর্থিক তহবিল গড়ার পাশাপাশি ভারতীয়দের উদ্ধুদ্ধ করতে ভূমিকা রেখেছে অনেক মুক্তিযোদ্ধা গায়ক। মুক্তিযুদ্ধের চেতনা প্রবাসে প্রবাহে কাজ করছে বায়োস্কোপ ফিল্মস। কমিউনিটির প্রবাসীদের জীবন-সংগ্রাম ও বেড়ে উঠার গল্প নিয়ে চলচিত্র নির্মানের আহবান জানান তিনি। যা প্রবাসীদের পাশাপাশি বাংলাদেশে ব্যাপক জনপ্রিয়তা পাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রথম আলো উত্তর আমেরিকার মো. মঞ্জুরুল হক, সাপ্তাহিক নবযুগ সম্পাদক শাহাব উদ্দিন সাগর, কমিউনিটি অ্যাক্টিভিস্ট মিনহাজ আহমেদ শামু, টিবিএন২৪ এর শামীম আহমেদ, চ্যানেল আই যুক্তরাষ্ট্রের রাশেদ আহমেদ, এটিএন বাংলার কানু দত্ত, সাপ্তাহিক আজকালের সঞ্জিবন কুমার, তোফাজ্জল লিটন, নিহার সিদ্দিকীসহ স্থানীয় সাংবাদিকরা।

ইমপ্রেস টেলিফিল্ম লি. ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরের গল্প অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেছেন রায়হান রাফী। দামালের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম, সিয়াম আহমেদ, শরিফুল রাজ, সুমিত, রাশেদ অপু, সাঈদ বাবু, শাহনাজ সুমি, সৈয়দ নাজমুস সাকিব প্রমুখ।

সিএন/এমটি

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন