ঢাকা: যুক্তরাষ্ট্র সফরে র্যাবের নিষেধাজ্ঞার নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলোচনা করবেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।
বুধবার (১৪ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরের বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, র্যাবের নিষেধাজ্ঞার বিষয়টি আমরা সবসময় তুলি। প্রধানমন্ত্রীও এটি নিয়ে কথা বলবেন,আলোচনা করবেন।
র্যাবের ওপর নিষেধাজ্ঞা কতটুকু যৌক্তিক, এমন প্রশ্নের জবাবে মোমেন বলেন, সেটি আমি জানি না। যারা নিষেধাজ্ঞা দিয়েছে, তারা কিছু লোক বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিস্তারিত বক্তব্য দেননি যে, কী কী কারণে তারা নিষেধাজ্ঞাটি আরোপ করল।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, তারা (যুক্তরাষ্ট্র) মোটামুটি বলে দিয়েছেন যে, নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। কিন্তু কী কারণে দিলেন— সেটি আমরা জানতে চাই। এটি হলে আমরা আরও ভালোভাবে বিষয়টি সম্পর্কে পদক্ষেপ নিতে পারতাম। কিন্তু তারা নির্দিষ্ট করে নিষেধাজ্ঞার বিষয়ে কিছু বলেননি।
গত বছরের ডিসেম্বরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এবং এর সাবেক-বর্তমান ছয় কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ।
আইআই/সিএন



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন