ভারত এখন রাশিয়ার পরিবর্তে ভেনেজুয়েলার তেল কিনবে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত বছর রাশিয়া থেকে ভারতের বিপুল পরিমাণ তেল আমদানি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে টানাপোড়েন তৈরি হয়েছিল, তার পরিপ্রেক্ষিতেই এমন মন্তব্য করলেন তিনি।
এয়ার ফোর্স ওয়ানে শনিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘ভারত এগিয়ে আসছে। তারা এখন ইরান থেকে নয়, ভেনেজুয়েলা থেকে তেল কিনবে। আমরা ইতিমধ্যে এ বিষয়ে একটি সমঝোতায় পৌঁছেছি, অন্তত ধারণাগতভাবে। যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞার কারণে ইরানি তেল খুব একটা আমদানি করত না ভারত। তবে ইউক্রেন যুদ্ধের জেরে পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞায় রাশিয়ার তেলের দাম কমে গেলে ভারত সে দিকেই ঝুঁকেছিল।
গত মাসে ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের পর দেশটির তেল বিক্রি ও রাজস্ব অনির্দিষ্টকালের জন্য নিয়ন্ত্রণে রাখার ইচ্ছার কথা জানান ট্রাম্প।
একই সঙ্গে তিনি রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করতে ভারতের ওপর চাপ বাড়ান। গত আগস্টে ইউক্রেনে শান্তি আলোচনায় মস্কোকে বাধ্য করতে নেওয়া উদ্যোগের অংশ হিসেবে ভারতীয় পণ্যের ওপর যুক্তরাষ্ট্রে শুল্ক দ্বিগুণ করে ৫০ শতাংশে উন্নীত করেন ট্রাম্প। উদ্দেশ্য ছিল—রাশিয়ার তেল কেনা থেকে নয়াদিল্লিকে নিরুৎসাহিত করা।
তবে চলতি বছরের জানুয়ারিতে মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট ইঙ্গিত দেন, ভারত রাশিয়া থেকে তেল আমদানি উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেওয়ায় অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক প্রত্যাহার করা হতে পারে।
এরপর মার্চে ভেনেজুয়েলার মাদুরো প্রশাসনের সঙ্গে উত্তেজনা বাড়লে, ভেনেজুয়েলার তেল কেনা দেশগুলোর ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেন ট্রাম্প। গত বছর একই ধরনের শুল্ক আরোপের হুমকি তিনি ভারতকেও দিয়েছিলেন।
এই সপ্তাহে ভেনেজুয়েলার তেল খাতে কিছু নিষেধাজ্ঞা শিথিল করেছে যুক্তরাষ্ট্র সরকার। এতে মার্কিন কম্পানিগুলোর জন্য ভেনেজুয়েলার অপরিশোধিত তেল বিক্রি সহজ হবে বলে জানানো হয়। হোয়াইট হাউসের এক কর্মকর্তা বলেন, এই সিদ্ধান্ত ‘বিদ্যমান তেল সরবরাহ প্রবাহ বজায় রাখতে সহায়ক হবে’ এবং শিগগিরই নিষেধাজ্ঞা শিথিলের বিষয়ে আরো ঘোষণা আসবে।
ট্রাম্পের সর্বশেষ মন্তব্য যুক্তরাষ্ট্র ও ভারতের সম্পর্কের উন্নতির ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। গত এক বছরে দুই দেশের সম্পর্ক বেশ টানাপোড়েনের মধ্য দিয়ে গেছে।



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন