চলমান ডেস্ক: আফগানিস্তানের জন্য সংগৃহীত ১৬টি এমআই-১৭ হেলিকপ্টার ইউক্রেনকে দিচ্ছে যুক্তরাষ্ট্র। আফগান ঘটনা পর্যবেক্ষণের দায়িত্বে নিয়জিত একটি আমেরিকান সরকারী সংস্থা বুধবার (৫ মে) এ তথ্য জানিয়েছে। খবর ভয়েস অব আমেরিকার।
ডিপার্টমেন্ট অফ ডিফেন্স (ডিওডি) বা যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানুয়ারিতে কংগ্রেসকে জানিয়েছিল, তারা ইউক্রেনের সরকারকে রাশিয়ায়-নির্মিত হেলিকপ্টারগুলির মধ্যে পাঁচটি দিতে চায়, যেগুলি ইউক্রেনের একটি স্থাপনায় রক্ষণাবেক্ষণ করা হচ্ছিল।
আফগানিস্তান পুনর্গঠনের জন্য বিশেষ মহাপরিদর্শক (সিগার) এ সপ্তাহে যুক্তরাষ্ট্রের আইন প্রণেতাদের কাছে পেশ করা তাদের ত্রৈমাসিক প্রতিবেদনে উল্লেখ করেছে, ‘গত ১১ মার্চ ইউক্রেন এ অতিরিক্ত প্রতিরক্ষা সরঞ্জামগুলি নিয়েছে।’
প্রতিবেদনে আরো বলা হয়েছে, ‘এপ্রিলের মাঝামাঝি সময়ে প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের জন্য একটি সামরিক সহায়তা প্যাকেজ ঘোষণা করেছিলেন, যেখানে আফগানিস্তানের জন্য নির্ধারিত ১১টি এমআই-১৭ হেলিকপ্টার অন্তর্ভুক্ত ছিল।
এমআই-১৭ হেলিকপ্টারগুলির বেশিরভাগ সেনা ও সামরিক সরঞ্জাম বহন করতে ব্যবহৃত হয়। ইউক্রেন হল প্রাক্তন সোভিয়েত ইউনিয়ন প্রজাতন্ত্রগুলির মধ্যে একটি, যারা হেলিকপ্টারগুলির উৎপাদন ও মেরামত করে থাকে৷
এ সপ্তাহে সিগার তার প্রতিবেদনে, সেই রিপোর্টগুলিও নিশ্চিত করেছে যে, গত আগস্টে পশ্চিমা-সমর্থিত আফগান সরকারের পতনের ফলে, দেশটির নতুন তালিবান শাসকরা ৭০০ কোটি ডলারেরও বেশি দামের আমেরিকান প্রতিরক্ষা সরঞ্জামের সুবিধা পেয়েছে।
সিএন/এমএ



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন