চলমান ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার (৩০ মার্চ) রাশিয়ায় বন্দী সাবেক মার্কিন মেরিন ট্রেভর রিডের পিতামাতার সাথে সাক্ষাৎ করেন এবং তার ‘দুঃসহ’ বন্দী জীবনের অবসানে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। হোয়াইট হাউস এ তথ্য জানিয়েছে।
২০১৯ সালে মাতাল অবস্থায় এক পুলিশ অফিসারের ওপর হামলার দায়ে অভিযুক্ত হওয়ার পর আমেরিকার নাগরিক ট্রেভর রিড রাশিয়ার রাজধানী মস্কো থেকে প্রায় ৫০০ কিলোমিটার (৩০০ মাইল) দক্ষিণ-পূর্বে একটি পেনাল কলোনিতে নয় বছরের কারাদন্ড ভোগ করছেন।
বাইডেনের মুখপাত্র জেন সাকি এক বিবৃতিতে বলেছেন, ‘প্রেসিডেন্ট বাইডেন বুধবার (৩০ মার্চ) অন্যায়ভাবে রাশিয়ায় আটক ট্রেভরের বাবা-মা জোই ও পলা রিডের সাথে দেখা করেছেন।’
‘তাদের সাথে বৈঠককালে প্রেসিডেন্ট ট্রেভর, পল হুইলান এবং রাশিয়া ও অন্য কোথাও অন্যায়ভাবে আটক অন্যান্য আমিরিকানদের মুক্তির জন্য কাজ করে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।’
‘আমরা ট্রেভরের অনুপস্থিতিতে তার পরিবার ও বন্ধুদের সকলের দুঃসহ বেদনা অনুভব করছি, আমরা এ অবস্থার অবসানে প্রতিশ্রুতিবদ্ধ।’
রিডের একজন মুখপাত্র মঙ্গলবার (২৯ মার্চ) টুইটারে বলেছেন, ‘সাবেক মেরিন রিড বন্দী অবস্থায় অনশন ধর্মঘট করেছেন এবং আইসোলেশন সেলে একাকীত্ব ভোগ করছেন।’
রিড গত ৪ নভেম্বর অনশন ঘোষণা করেছিলেন, যা দুই সপ্তাহ ধরে চলেছিল। জেলের নিয়ম ভঙ্গ করার অভিযোগে বার বার তাকে আইসোলেশন সেলে রাখা হয়। তিনি এ সব অভিযোগ অস্বীকার করেছেন।
উল্লেখ্য, রাশিয়ার ইউক্রেন দখলের পর থেকে ওয়াশিংটন ও মস্কোর মধ্যে কূটনৈতিক উত্তেজনা বেড়েছে।
সিএন/এমএ



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন