চলমান ডেস্ক: বিদেশের বিভিন্ন উৎসবের দেখানের পর এবার অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত চলচ্চিত্র ‘রিকশা গার্ল’ এর প্রিমিয়ার হতে যাচ্ছে নিউইয়র্কের ম্যানহাটনে। বায়োস্কোপ ফিল্মসের পরিবেশনায় আগামী ৫ মে শহরটির বিখ্যাত মুভি থিয়েটার ‘ভিলেজ ইস্ট বাই অ্যাঞ্জেলিকা’য় জমকালো আয়োজনে এ সিনেমার প্রিমিয়ার অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করেছেন বায়োস্কোপ ফিল্মসের প্রধান নির্বাহী পরিচালক রাজ হামিদ।
প্রিমিয়ার অনুষ্ঠানে অমিতাভ রেজা, সিনেমার কেন্দ্রীয় চরিত্রের অভিনয়শিল্পী নভেরা রহমান, মোমেনা চৌধুরী উপস্থিত থাকার কথা রয়েছে।
রাজ হামিদ বলেন, ‘ম্যানহাটনের ‘ভিলেজ ইস্ট বাই অ্যাঞ্জেলিকা’ থিয়েটারটি নিজেই একটা ইতিহাস। এ থিয়েটারে বাংলা চলচ্চিত্র প্রিমিয়ারের আয়োজন করতে পেরে আমার জীবনের একটা শখ পূরণ হল। রেড কার্পেটের আয়োজনও থাকছে। দিনটি স্মরণীয় করতে সব ধরনের আয়োজন করেছি।’
এ দিন উপস্থিত দর্শকদের ‘রিকশা গার্ল’ চলচ্চিত্রের কলাকুশলীদের সাথে একটি প্রশ্নোত্তর পর্বেও অংশ নেওয়ার সুযোগ থাকবে। অনুষ্ঠানে ছবির লেখক মিতালি পারকিনসও উপস্থিত থাকবেন।
এ দিকে মেয়ে নভেরা রহমানের চলচ্চিত্র আমেরিকায় প্রিমিয়ার হওয়ার খবরে দারুণ খুশি অভিনেত্রী মোমেনা চৌধুরী। ফেসবুকে এ অভিনেত্রী লিখেছেন, ‘রিকশা গার্ল’ নিউইয়র্কে প্রিমিয়ার শো। আমার জন্য ভীষণ আনন্দের। নভেরা রহমানসহ আমরা পুরো পরিবার নিয়ে থাকব সে রাতে।’
প্রিমিয়ারের পর দিন ৬-১২ মে পর্যন্ত জ্যামাইকা মাল্টিপ্লেক্সে ‘রিকশা গার্ল’ চলবে। এরপর আমেরিকার ১৯টি অঙ্গ রাজ্যের ৫২টি শহরে চলবে ‘রিকশা গার্ল’।
ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের লেখক মিতালি পারকিনসের কিশোরসাহিত্য ‘রিকশা গার্ল’ অবলম্বনে নির্মিত হয়েছে চলচ্চিত্রটি।
চলচ্চিত্রটিতে আরো অভিনয় করেছেন চম্পা, মোমেনা চৌধুরী, নরেশ ভূঁইয়া, অ্যালেন শুভ্র। এর চিত্রনাট্য লিখেছেন নাসিফ ফারুক আমিন ও শর্বরী জোহরা আহমেদ।
সিএন/এমএ



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন