ঢাকা: রেমিটেন্স পাঠানোর বিপরীতে প্রদত্ত প্রণোদনা বা নগদ সহায়তার পরিমাণ বৃদ্ধি করেছে সরকার। বিদ্যমান নগদ সহায়তা দুই শতাংশ থেকে বৃদ্ধি করে আড়াই শতাংশ করা হয়েছে। একইসাথে শনিবার (১ জানুয়ারি) থেকে এটি কার্যকর করা হয়েছে। শনিবার (২ জানুয়ারি) অর্থ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানা হয়েছে।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘রেমিটেন্সে প্রদত্ত সরকারি প্রণোদনার পরিমাণ বৃদ্ধি, প্রবাসী বাংলাদেশীদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নব বর্ষের উপহার।’
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ‘বিদেশে কর্মরত শ্রমজীবী মানুষের কষ্টার্জিত প্রবাসী আয় বৈধ উপায়ে দেশে পাঠানোর ক্ষেত্রে উৎসাহ দিতে সরকার নগদ সহায়তা আড়াই শতাংশে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে। দেশবাসীর জীবনমানের উন্নয়ন, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি, মানিলন্ডারিং প্রতিরোধ ও কর্মসংস্থান তৈরির গুরুত্ব বিবেচনায় সরকার মূলত এ সিদ্ধান্ত গ্রহণ করেছে।’
অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, সরকার ২০১৯-২০ অর্থ বছরে রেমিটেন্স পাঠানোর বিপরীতে দুই শতাংশ হারে নগদ সহায়তা দেয়া শুরু করে। এর ফলে ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স আহরণ দ্রুত বেড়ে যায়। ২০১৯-২০ অর্থবছরে ১৮ দশমিক ২০ বিলিয়ন মার্কিন ডলার আসে, যা ২০১৮-১৯ অর্থবছরের তুলনায় প্রায় ১৩ শতাংশ বেশি। এছাড়া ২০২০-২১ অর্থ বছরে করোনা পরিস্থিতির মধ্যেও ২৪ দশমিক ৮০ বিলিয়ন ডলারের রেমিটেন্স পাঠায় প্রবাসীরা, যা ২০১৯-২০ অর্থ বছরের তুলনায় ৩৬ শতাংশ বেশি।
সিএন/এমএ



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন