সিএন প্রতিবেদন: চলতি বছরের প্রথম ছয় মাসে ইইউ সদস্য দেশ রোমানিয়ায় এক হাজার ৩০০টিরও বেশি আশ্রয় আবেদন জমা পড়েছে। এদের মধ্যে তৃতীয় স্থানে রয়েছেন বাংলাদেশিরা। প্রথম ৬ মাসে ১১৩ জন বাংলাদেশি আশ্রয়ের আবেদন করেন।
রোমানিয়া জেনারেল ইনস্পেক্টরেট ফর ইমিগ্রেশন (আইজিআই) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত রোমানিয়ায় এক হাজার ৩১২টি আশ্রয়-আবেদন নিবন্ধন করা হয়েছে।
আশ্রয় আবেদনকারীদের মধ্যে শীর্ষে আছে মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়া থেকে আসা আশ্রয়প্রার্থীরা। তারা ৩২৯টি সুরক্ষা আবেদন করেছেন। যা মোট আবেদনের ২৫ দশমিক এক শতাংশ।
দ্বিতীয় অবস্থানে আছে দক্ষিণ এশিয়ার দেশ নেপাল। দেশটির নাগরিকেরা প্রথম ছয় মাসে ১৫৫টি আবেদন করেছেন। অর্থাৎ ১১ দশমিক আট শতাংশ আবেদন নেপাল থেকে আসা আশ্রয়প্রার্থীরা জমা করেছেন।
প্রথম ছয় মাসে আশ্রয় আবেদন দায়েরের ক্ষেত্রে তৃতীয় অবস্থানে আছে বাংলাদেশিরা। ওই সময় ১১৩টি আবেদন জমা করেন বাংলাদেশ থেকে আসা অভিবাসীরা। যা মোট আবেদনের আট দশমিক ছয় শতাংশ।
রোমানিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, বছরের প্রথম ছয় মাসে সবচেয়ে বেশি আন্তর্জাতিক সুরক্ষার আবেদন জমা হয়েছে হাঙ্গেরি সীমান্তবর্তী তিমিসোয়ারা শহরে। এরপরই আছে রাজধানী বুখারেস্ট এবং গিউরগিউ শহরে।
সিএন/এমটি



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন