রবিবার, ১৫ মার্চ ২০২৬

শিরোনাম

রোহিঙ্গাদের জন্য ১৫২ মিলিয়ন সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

বুধবার, মার্চ ৩০, ২০২২

প্রিন্ট করুন

ঢাকা: মায়ানমারে রোহিঙ্গা হত্যাকে ‘গণহত্যা’ হিসেবে স্বীকৃতি দেওয়ার পর প্রথমবারের মতো কক্সবাজার সফর করেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস। সফর শেষে সেখানে থাকা প্রায় ১০ লাখ রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় বাংলাদেশি জনগোষ্ঠীর জন্য ১৫২ মিলিয়ন ডলার বা প্রায় ১ হাজার ৩২২ কোটি টাকার নতুন মানবিক সহায়তা প্রদানের ঘোষণা দিয়েছেন।

রাষ্ট্রদূত হাস বলেন, এর মধ্য দিয়ে ২০১৭ সালের আগস্ট থেকে এ পর্যন্ত আমরা ১.৭ বিলিয়ন ডলার (প্রায় ১৫ হাজার কোটি টাকা) দিয়েছি। নতুন দেওয়া তহবিলের মধ্যে ১২৫ মিলিয়ন ডলার (১ হাজার ৮৭ কোটি টাকা) রোহিঙ্গা শরণার্থী ও ক্ষতিগ্রস্ত স্থানীয় বাংলাদেশিদের জন্য গৃহীত কার্যক্রমে ব্যয় করা হবে।

দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাষ্ট্রদূত হাস ২৭ মার্চ কক্সবাজার যান। মঙ্গলবার (২৯ মার্চ) পর্যন্ত কক্সবাজার অবস্থান করেন তিনি। 

এ সময় তিনি স্থানীয় সরকারি কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাত করেন এবং সেখানে রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য নেওয়া স্বাস্থ্যসেবা ব্যবস্থা, অগ্নি নির্বাপণ প্রশিক্ষণ, পরিবেশ, দুর্যোগ মোকাবিলা ও নিরাপদ খাদ্য বিতরণ প্রক্রিয়া সরেজমিনে দেখেন।

এর আগে, ২০১৭ সালের আগস্টে মিয়ানমারের দক্ষিণপশ্চিমে মুসলিম সংখ্যালঘু রোহিঙ্গা জাতিগোষ্ঠীর ওপর দেশটির সেনাবাহিনীর ব্যাপক দমন-পীড়ন শুরু হলে প্রায় ১০ লাখ মানুষ সীমান্ত পার হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়।
ওই ঘটনায় মিয়ানমারের শীর্ষ সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আনার প্রস্তাব করে জাতিসংঘ।
সাড়ে চার বছর আগে রোহিঙ্গা ঢলের ওই সময়ে মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনকে ’জাতিগত নিধনের ধ্রুপদী উদাহরণ‘ হিসেবে বর্ণনা করেছিল জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার কার্যালয়।

তবে রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর চালানো হত্যাযজ্ঞকে জেনোসাইড হিসেবে উল্লেখ করেছিল ফ্রান্স ও কানাডা।
পরে সোমবার (২১ মার্চ) ওয়াশিংটন ডিসির ইউএস হলোকাস্ট মেমোরিয়াল মিউজিয়ামে এক অনুষ্ঠানে মিয়ানমারের সামরিক বাহিনীর নির্যাতনকে জেনোসাইড হিসাবে ঘোষণা দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন।

আইআই/সিএন

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন