ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘রোহিঙ্গাদের তাদের নিজ দেশে ফিরে যেতে হবে।’ বাংলাদেশে চীনের বিদায়ী রাষ্ট্রদূত লী জিমিং বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) প্রধানমন্ত্রীর সাথে তার সরকারি বাস ভবন গণভবনে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনা আরো বলেন, ‘মায়ানমার রোহিঙ্গাদের দেশ ও তারা সে দেশের অধিবাসী। কিন্তু তারা এখন খাদ্য নিরাপত্তাসহ বিভিন্ন কারণে আমাদের জন্য বিশাল বোঝায় পরিণত হয়ে আছে। আমরা মানবিক কারণে তাদেরকে আশ্রয় দিয়েছিলাম। এখন তাদের নিজ দেশে চলে যাওয়া উচিত।’
মায়ানমার তাদের নাগরিকদের নিজ দেশে ফিরিয়ে নেবে বলে প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন।
আগামী বছর রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হতে পারে বলে বৈঠকে চীনা রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন । তিনি বলেন, ‘রোহিঙ্গারা আগামী বছর নিজ দেশে যাওয়া শুরু করবে।’
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব কেএম শাখাওয়াত মুন সাংবাদিকদের ব্রিফ করেন।
শেখ হাসিনা চীনের অর্থায়নে বাংলাদেশে কয়েকাট মেঘা প্রকল্পের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। তিনি চট্রগ্রামে কর্ণফুলী নদীতে বঙ্গবন্ধু টানেলে বিনিয়োগ করায় চীনকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘বাংলাদেশ সব সময় মানবতা, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও শান্তি বজায় রাখায় বিশ্বাস করে। ফলে বাংলাদেশ সব সময় প্রতিবেশি রাষ্ট্রগুলোর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়।’
প্রধানমন্ত্রী চীনের বিদায়ী রাষ্ট্রদূতকে তার মেয়াদ সম্পন্ন করায় অভিনন্দন জানান ও তার পরবর্তী দায়িত্ব পালনে সফলতা কামনা করেন। তিনি বাংলাদেশ-চীন দ্বিপক্ষীয় সম্পর্ক আরো উচ্চমাত্রায় নিয়ে যাওয়ায় ভূমিকা রাখায় বিদায়ী চীনা দূত লী জিমপিংকে ধন্যবাদ জানান।
চীনা রাষ্ট্রদূত বাংলাদেশের আর্থ-সামাজিক অগ্রগতির জন্য শেখ হাসিনার বলিষ্ট নেতৃত্বের প্রশংসা করেন। তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, ‘একমাত্র আপনার জন্য এ উন্নয়ন সম্ভব হয়েছে।’
শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়নে অব্যাহত সমর্থন ব্যক্ত করায় চীনা প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
প্রধানমন্ত্রীর বিদায়ী মুখ্য সচিব আহমদ কায়কাউস বৈঠকে উপস্থিত ছিলেন।
সিএন/এমএ



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন