ঢাকা: মায়ানমার সরকারকে তাদের দেশের নাগরিকদের উপর নৃশংসতা বন্ধ করতে ও রোহিঙ্গাদের নিজ ভূমিতে ফিরিয়ে নিতে রাজি করাতে আসিয়ান সদস্যদের প্রভাবিত করার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহবান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন।
সোমবার (৯ মে) বিকালে সফররত ইউএসএআইডির উপ-প্রশাসক ইসোবেল কোলম্যান ও জনসংখ্যা, শরণার্থী ও অভিবাসন ব্যুরোর ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি স্কট টার্নারের সাথে বৈঠকে তিনি এ আহবান জানান।
বৈঠককালে পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে আশ্রয় নেয়া মায়ানমারের নাগরিক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের প্রতি অব্যাহত সমর্থনের জন্য ইউএসএআইডি’কে ধন্যবাদ জানান।
মোমেন জেআরপির (জয়েন্ট রেসপন্স প্রোগ্রাম) আওতায় রোহিঙ্গাদের মানবিক সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের ১৫ কোটি ২০ লাখ মার্কিন ডলার দেয়ার ঘোষণার প্রশংসা করেন।
তিনি উপকূলীয় বাঁধের মেরামত ও বনায়নের সম্ভাব্যতা যাচাইয়ে একটি প্রকল্প শুরু করার জন্য ইউএসএআইডিকে অনুরোধ জানান।
মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকীতে পররাষ্ট্রমন্ত্রী মোমেন ওয়াশিংটন ডিসির সাথে সম্পর্ক কার্যকর ও অংশীদারিত্ব জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেন।
ইসোবেল কোলম্যান মায়ানমার থেকে বিপুল সংখ্যক জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দেয়ার জন্য বাংলাদেশের প্রশংসা করেন।
তিনি উল্লেখ করেন, ভাসানচরে আরো উন্নয়নের সম্ভাবনা রয়েছে।
ইসোবেল কোলম্যান ভাসানচরে প্রাথমিক শিক্ষা, জীবিকা, যোগাযোগ ও যাতায়াত সুবিধার ব্যবস্থা করার ওপর জোর দেন।
সিএন/এমএ



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন