জাতিসংঘ সদরদপ্তরে অনুষ্ঠিত রোহিঙ্গা ও সংখ্যালঘুদের পরিস্থিতি বিষয়ক উচ্চপর্যায়ের সম্মেলনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, রোহিঙ্গা সংকটের মূল উৎস মিয়ানমারে এবং এর সমাধানও সেখানে নিহিত। এজন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে মিয়ানমার সরকার ও আরাকান আর্মির ওপর ঐক্যবদ্ধ ও কার্যকর চাপ সৃষ্টি করতে হবে।
ড. ইউনূস বলেন, রোহিঙ্গাদের ওপর নির্যাতন বন্ধ করে তাদের দ্রুত রাখাইনে প্রত্যাবাসনের ব্যবস্থা করতে হবে। তিনি উল্লেখ করেন, দীর্ঘমেয়াদে আন্তর্জাতিক তহবিলের ওপর নির্ভরশীল হওয়া কোনো সমাধান নয়। বরং শান্তিপূর্ণ বিকল্প হলো রোহিঙ্গাদের নিজভূমে ফেরত পাঠানো, যা সংরক্ষণ খরচের চেয়েও অনেক কম ব্যয়বহুল হবে।
বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের কারণে যে সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশগত চাপ তৈরি হয়েছে তা তুলে ধরে তিনি বলেন, দেশের নিজস্ব উন্নয়ন চ্যালেঞ্জ মোকাবিলা করতেই যেখানে বেকারত্ব ও দারিদ্র্যের মতো সমস্যা বিদ্যমান, সেখানে নিয়মিতভাবে রোহিঙ্গাদের কর্মসংস্থান দেওয়া সম্ভব নয়।
প্রধান উপদেষ্টা আরও জানান, রোহিঙ্গারা সবসময়ই নিজ বাড়ি ফেরার আকাঙ্ক্ষা প্রকাশ করেছে। বিশেষ করে সম্প্রতি সংঘাত এড়াতে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনের সুযোগ দেওয়া জরুরি।
বক্তব্যের সমাপনীতে তিনি আহ্বান জানিয়ে বলেন, “বিশ্ব আর অপেক্ষা করতে পারে না। এখনই রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে একত্রিত হতে হবে। বাংলাদেশের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার অঙ্গীকার দেওয়া হলো।”



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন