ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমরা জবাবদিহিমূলক বিশ্ব গঠনের পক্ষে। শান্তি প্রতিষ্ঠার জন্য জবাবদিহিমূলক বিশ্ব গড়ে তোলার কোনো বিকল্প নেই। আমরা ফিলিস্তিনে শান্তি প্রতিষ্ঠার পক্ষে অবস্থান নিয়েছি। একই সঙ্গে সম্পদের সীমাবদ্ধতা সত্ত্বেও মানবতার জন্য বাংলাদেশে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছি।’
রোববার (৫ ডিসেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘বিশ্ব শান্তি সম্মেলনের সমাপনী’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী আরো বলেন, জাতির পিতার দর্শন ছিল সুদূর প্রসারী। তিনি শান্তির পক্ষে সুদৃঢ় ভূমিকা পালন করেছিলেন। শান্তি চাইতেন বলেই আমার দেখা নয়া চীন বইতে বঙ্গবন্ধু লিখেছেন, ‘যেই শান্তি চাক, সেটা আমেরিকা হোক, চীন হোক, রাশিয়া হোক, আমরা তার সাথে আছি’।
বাংলাদেশ অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলছে হিসেবে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘আমরা সোনার বাংলাদেশ গড়তে প্রতিজ্ঞাবদ্ধ। আমাদের দেশ এগিয়ে যাচ্ছে। দেশে শিক্ষার হার বেড়েছে। ধীরে কমে আসছে নানান প্রতিবন্ধকতা। আমাদের অবকাঠামো উন্নত হচ্ছে। আমরা শিল্পে এগিয়ে যাচ্ছি। ‘
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমীন চৌধুরী। এতে বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, পাকিস্তানের সাবেক রাষ্ট্রদূত হুসেইন হাক্কানী। আরও বক্তব্য রাখেন সিঙ্গাপুরের সাবেক প্রধানমন্ত্রী গোহ চোক তং, যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন।
এর আগে গত শনিবার থেকে ঢাকায় শুরু হয় দুই দিনব্যাপী বিশ্ব শান্তি সম্মেলন। এতে বিশ্বের ৫০টি দেশের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। এদের মধ্যে ৫৯ জন প্রতিনিধি সশরীরে যোগ দেন। আর ৪০ জন প্রতিনিধি ভার্চ্যুয়ালি অংশ নেন। রোববার এ সম্মেলন সম্পন্ন হয়।
আইআই/



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন