চট্টগ্রাম: সিএনজি চালক কর্তৃক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলার ঘটনা ও শাটল ট্রেনসহ ক্যাম্পাসের সর্বত্র শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের ব্যর্থতার নিন্দা জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা।
শাখার আহবায়ক ইসরাত হক জেরিন ও সাধারণ সম্পাদক ঋজু লক্ষ্মী শনিবার (১৬ এপ্রিল) এক যুক্ত বিবৃতিতে জানান, বৃহস্পতিবার (১৪ এপ্রিল) তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ক্যাম্পাস এলাকায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা করে সিএনজির চালক ও স্থানীয় লোকজন। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে। বিশ্ববিদ্যালয়ে অবস্থানকারী শিক্ষার্থীরা এ ঘটনায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। কিন্তু এখনো পর্যন্ত এ ঘটনায় কার্যকর কোন পদক্ষেপ বিশ্ববিদ্যালয় প্রশাসন নেয়নি। এর আগেও বিভিন্ন সময়ে একই ধরনের ঘটনা আমরা লক্ষ্য করেছি। আগের ঘটনাগুলোতে কার্যকর কোন উদ্যোগ নিতে না পারার ধারাবাহিক ফলাফল হিসেবেই এ ঘটনা ঘটেছে বলে আমরা মনে মরি।
বিবৃতিতে বলা হয়, ‘সম্প্রতি শাটল ট্রেনে পাথর নিক্ষেপ, ট্রেনে বহিরাগত কর্তৃক নারী শিক্ষার্থীদের যৌন হেনস্থাসহ বিভিন্ন ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তাহীনতার সার্বিক চিত্র আমরা লক্ষ করেছি। যেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব ছিল বিশ্ববিদ্যালয় প্রশাসনের, কিন্তু প্রতিনিয়ত এব ঘটনা প্রশাসনের চরম ব্যর্থতার চিত্রই আমাদের সামনে স্পষ্ট করে। নিজেদের দায় এড়িয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এ রকম নিরাপত্তাহীনতার মধ্যে ঠেলে দেয়ায় আমরা প্রশাসনের প্রতি তীব্র নিন্দা ও ধিক্কার জ্ঞাপন করছি। এ ঘটনার সব দায় প্রশাসনকেই নিতে হবে এবং অবিলম্বে এ ঘটনার সাথে জড়িত হামলাকারীদের বিচারের আওতায় এনে পরবর্তী যাতে এ ধরনের ঘটনা না ঘটে সে লক্ষ্যে কার্যকর পদক্ষেপ প্রশাসনের পক্ষ থেকে নিতে হবে।’
বিবৃতিতে শাটল ট্রেনে পাথর নিক্ষেপসহ, ট্রেনে নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে ও বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে শিক্ষার্থীদের যাতায়াতের জন্য শিক্ষার্থী বাস চালু করে শিক্ষার্থীবান্ধব আচরণ করতে প্রশাসনের প্রতি আহবান জানানো হয়।
সিএন/এমএ



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন