চলমান নিউইয়র্ক ডেস্ক: নতুন একটি বিলে অনুমোদন দিয়েছে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ; যেটি সমুদ্র পরিবহন খাতের তদারকি ব্যবস্থার উন্নয়নে সহায়ক হবে। সোমবার (১৩ জুন) এ বিলে অনুমোদন দেয়া হয়। সমর্থকরা বলছেন, ‘আইনটি কার্যকর হলে তা মূল্যস্ফীতি ও রপ্তানি পণ্যের জট কমাতে ইতিবাচক ভূমিকা রাখবে।’
প্রতিনিধি পরিষদে ৩৬৯-৪২ ভোটে বিলটি পাস হয়েছে। এখন সেটি প্রেসিডেন্ট জো বাইডেনের সইয়ের জন্য হোয়াইট হাউজে পাঠানো হবে। প্রেসিডেন্ট এ বিলে সই করলে সেটি আইনে পরিণত হবে।
জো বাইডেন এক বিবৃতিতে জানিয়েছেন, তিনি বিলটিতে সই করার জন্য প্রস্তুত রয়েছেন।
এ আইনের মাধ্যমে ফেডারেল মেরিটাইম কমিশনের (এফএমসি) নজরদারি ক্ষমতা আরো বাড়বে। সংস্থাটি সমুদ্র পরিবহন খাতের তদারকি এবং এ শিল্পে স্বচ্ছতা নিশ্চিত করার জন্য দায়িত্বপ্রাপ্ত। নতুন আইনের অধীনে এফএমসি সমুদ্রগামী সাধারণ ক্যারিয়ারের ব্যবসায়িক কার্যক্রমে তদন্ত করতে ও আইনগত পদক্ষেপ নিতে পারবে। এ ছাড়া ক্যারিয়ারগুলোকে প্রত্যেক প্রান্তিকে আমদানি/রপ্তানির মোট পরিমাণের তথ্য এফএমসির কাছে জমা দিতে হবে।
২০২১ সালটা যুক্তরাষ্ট্রের সমুদ্র পরিবহন খাতের জন্য বিষ্মরণযোগ্য একটা বছর ছিল। জাহাজজট, কনটেইনার সংকট, আকাশচুম্বী ভোক্তা চাহিদা ইত্যাদি কারণে মার্কিন বন্দরগুলোকে কার্যক্রম পরিচালনায় রীতিমত হিমসিম খেতে হয়েছে। শিপিং খাতের এ দূরাবস্থা দেশটির আইনপ্রণেতাদের নড়েচড়ে বসতে বাধ্য করেছে। কী পদক্ষেপ নিলে এ খাতের স্বাভাবিক গতি ফিরে এসে সাপ্লাই চেইনের অচলাবস্থা দূর হবে, সেই বিষয়ে নতুন করে চিন্তাভাবনা শুরু করেছেন তারা। এরই ফলশ্রুতিতে গত মার্চে মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে ওশান শিপিং রিফর্ম অ্যাক্ট নামে একটি আইন পাস হয়। তার আগে গত বছরের ডিসেম্বরে একই ধরনের আরেকটি বিল প্রতিনিধি পরিষদের অনুমোদন পায়।
সিএন/এমএ



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন