সোমবার, ১৬ মার্চ ২০২৬

শিরোনাম

শেখ হাসিনার‌ অধীনে কোন নির্বাচনে যাবে না বিএনপি

বৃহস্পতিবার, মার্চ ৩, ২০২২

প্রিন্ট করুন

চট্টগ্রাম: বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, ‘নির্বাচন কমিশন গঠন নিয়ে কোন কথা হবে হবে না, কথা হবে নির্দলীয় নিরপেক্ষ তত্বাবধায়ক সরকার নিয়ে। শেখ হাসিনা সরকারকে ক্ষমতায় রেখে বিএনপি কোন নির্বাচনে অংশ নিবে না। নির্দলীয় নিরপেক্ষ তত্বাবধায়ক সরকার ছাড়া আর কারো অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়।’

বুধবার (২ মার্চ) বিকালে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি ও সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে বান্দরবান জেলা বিএনপির উদ্যোগে বান্দরবান বাজারে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তৃতায় তিনি আরো বলেন, ‘২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে দেশের মানুষের সাথে তামাশা করেছে আওয়ামী লীগ। দিনের ভোট রাতে নিয়ে, পুলিশ প্রশাসনকে ব্যবহার করে ভোট ডাকাতি করে ক্ষমতায় এসেছে। এখন আর সেই দিন নেই, ১৪ ও ১৮ সালের মত নির্বাচন আর হতে দেয়া যাবে না। তাই ভোট ডাকাতির সরকার শেখ হাসিনাকে বিদায় করে, নির্দলীয় নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। শেখ হাসিনার বিদায় হলে, গণতন্ত্র ফিরে আসবে, ভোটাধিকার ফিরে আসবে। খালেদা জিয়া মুক্তি পাবে, দেশে জনগণের ক্ষমতা নিশ্চিত হবে।’

তিনি বলেন, ‘সারাদেশের মানুষ আজ এক ক্লান্তিকাল অতিক্রম করছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের যে লাগামহীন দাম বৃদ্ধি পাচ্ছে, তাতে সরকারের কোন নজর নাই।ে কারণ ভোট ডাকাত সরকার জনগণের প্রতি দায়বদ্ধতা নেই। তারা ব্যস্ত লুটপাটে, জনগণের টাকা পাচারে। তাদের গুম খুনের কারণে বিশ্ব আজ এ সরকারকে বয়কট করতে শুরু করেছে। আর বেশী দিন নাই, বাংলাদেশের মানুষও তাদের বয়কট করা শুরু করেছে।;

তাই দেশ ও মানুষকে বাঁচানোর জন্য, লুটপাট ও দুর্নীতির মহাসড়কে থাকা এ আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে দূর্বার গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

বান্দরবান জেলা বিএনপির সভাপতি মা ম্যা চিংয়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাবেদ রেজার পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন বান্দরবান জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দীন, বিএনপি নেতা রিটল বিশ্বাস, আবিদুর রহমান, চনুমং মার্মা, সেলিম রেজা, পৌর বিএনপির সভাপতি নুরুল ইসলাম, সদর উপজেলা সরওয়ার জামান, আলীকদম উপজেলা বিএনপির আহবায়ক মাসুক আহমেদ, নাইক্ষংছড়ি উপজেলা বিএনপির সভাপতি আরিফ উল্লাহ ছুট্টো, লামা উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রব, রোয়াংছড়ি উপজেলা বিএনপির সভাপতি মা সেতু তং।

মা ম্যা চিং বলেন, ‘সরকারের দূর্নীতি লুটপাটে সারা দেশের মানুষ আজ অতিষ্ঠ। আজকে তেলের দাম যে হারে বৃদ্ধি পেয়েছে, সাধারণ মানুষ দিশেহারা হয়ে পড়েছে। আওয়ামী সরকারের এত লুটপাট, দুর্নীতি অনিয়ম তাদের পতন আর কেউ ঠেকাতে পারবে না।’

খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে জনগনের সরকার প্রতিষ্ঠা করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রস্তুতি নেয়ার আহ্বান জানান।

জাবেদ রেজা বলেন, ‘আওয়ামী লীগ সরকারের দিন শেষ হয়ে এসেছে। জনগণের সরকার প্রতিষ্ঠার সময় এসেছে। জনগণের যে বাঁধভাঙা উচ্ছ্বাস আজকের সমাবেশে, এটা শুধু বান্দরবানের নয়, সারা দেশের চিত্র। কারণ ভোট ডাকাতির অবৈধ এ সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না মানুষ। তারেক রহমানের নেতৃত্বে জনগনের সরকার প্রতিষ্ঠা করা হবে।’

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন