শনিবার, ১৪ মার্চ ২০২৬

শিরোনাম

সংস্কৃতি ও ঐতিহ্যকে যুক্ত করে পোশাক রপ্তানির সুযোগ খুঁজতে হবে

রবিবার, ফেব্রুয়ারী ১৩, ২০২২

প্রিন্ট করুন

চট্টগ্রাম: বিজিএমইএ এর সভাপতি ফারুক হাসান বলেছেন, ‘আন্তর্জাতিকভাবে দেশের ব্র্যান্ড ইমেজ বাড়াতে বাংলাদেশের সমৃদ্ধশালী সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্বব্যাপী প্রচার করতে হবে।’

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) ঐতিহ্য সংরক্ষণে প্রযুক্তির ভূমিকা বিষয়ক এক আলোচনায় বক্তব্য তিনি আরো বলেন, ‘আমাদের স্থাপত্য, সাহিত্য, সঙ্গীত, চিত্রকলা ও পোশাকে দীর্ঘ দিনের সমৃদ্ধশালী ঐতিহ্যের প্রতিফলন রয়েছে। এ ঐতিহ্য ও সংস্কৃতির প্রচারণা বাংলাদেশকে একটি স্বতন্ত্র পরিচয় এনে দিতে সাহায্য করবে এবং এ স্বতন্ত্র পরিচয় ইতিবাচক ব্যান্ড ইমেজ বিশ্ব বাণিজ্যে বাংলাদেশকে তুলনামূলক সুবিধা দেবে।’

সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের সহযোগিতায় এসএমই ফাউন্ডেশন ও এসোসিয়েশন অব ফ্যাশন ডিজাইনারস অব বাংলাদেশের (এএফডিবি) যৌথ উদ্যোগে ঢাকায় গুলশান শুটিং ক্লাবে হেরিটেজ হ্যান্ডলুম ফেস্টিভ্যাল শুরু হয়েছে। এতে দেশী-বিদেশী দর্শনার্থীদের জন্য বিভিন্ন তাঁত পণ্যের পাশাপাশি বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের উৎপাদিত বিভিন্ন পণ্যসামগ্রীও দেখানো হচ্ছে।

আলোচনায় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার প্রধান অতিথি ছিলেন।

এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন মো মাসুদুর রহমানের সভাপতিত্বে আরো বক্তব্য দেন এএফডিবির সভাপতি মানতাশা আহমেদ।

ফারুক হাসান বলেন, ‘মসলিন, জামদানি ও অন্য তাঁতে বোনা শাড়ি যেমন খাদি, মটকা, মুগা, তসর, মনিপুরি প্রভৃতি পণ্য বাংলাদেশের গৌরবময় সংস্কৃতি, কৃষ্টি ও ঐতিহ্য বহন করে চলেছে। সমৃদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্যকে যুক্ত করে বাংলাদেশী পোশাক রপ্তানির সুযোগ খুঁজে বের করতে হবে।’

বিজিএমইএ সভাপতি আরো বলেন, ‘আমরা যদি এ পোশাকগুলো বিদেশে বসবাসরত বিপুল সংখ্যক বাংলাদেশীদের কাছে পৌঁছাতে পারি, তাহলে এটি বাংলাদেশের ঐতিহ্যকে আন্তর্জাতিক অঙ্গনে সুপরিচিত করতে ও আমাদের সমৃদ্ধ সংস্কৃতি রপ্তানির পথ প্রশস্ত করতে সহায়তা করবে।’

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন