রবিবার, ১৫ মার্চ ২০২৬

শিরোনাম

সুষ্ঠু নির্বাচন হলে বর্তমান সরকারের অবস্থা নাজেহাল হয়ে যাবে: ডা. জাফরুল্লাহ

বৃহস্পতিবার, মার্চ ২৪, ২০২২

প্রিন্ট করুন

ঢাকা: সুষ্ঠু নির্বাচন হলে বর্তমান সরকারের অবস্থা নাজেহাল হয়ে যাবে মন্তব্য করেছেন ভাসানী অনুসারী পরিষদের চেয়ারম্যান এবং গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বৃহস্পতিবার (২৪ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, বর্তমান সরকারের সব কাজই দরিদ্র মানুষের বিরুদ্ধে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিসহ সার্বিক কী অবস্থা বিরাজ করছে, তা জনগণ দেখছে। একটি সুষ্ঠু নির্বাচন হলে বর্তমান সরকারের কি অবস্থা হবে তা আপনাদের জানা আছে।

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেন, আজ ঘরে ঘরে দুর্ভিক্ষ চলছে। এ সরকার গরিব-দুঃখিদের দেখে না। যখন দুর্ভিক্ষের মতো অবস্থা তখন তারা আতশবাজি করে, বেলুন ফুটায়। 

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, বর্তমান সরকার সাধারণ জনগণকে তোয়াক্কা করে না। অন্যদিকে, এক মন্ত্রী বলেন, দাম বাড়লে কি হয়েছে, সাধারণ মানুষের কেনার ক্ষমতা তিনগুন বেড়েছে। তাই সাধারণ মানুষের উচিত এসব বিষয়ে প্রতিবাদ করা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে হরতাল করা।

কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বলেন, দেশের বর্তমান যে অবস্থা এতে করে আমাদের সবাই মিলে দেশকে বাঁচাতে হবে, এ সরকারকে হটাতে হবে। 

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, ৫ টাকার জিনিস ৫০ টাকা হয়ে যায়। জিনিসপত্রের দাম বাড়িয়ে এর মাধ্যমে সরাসরি জনগণের পকেট কাটা হচ্ছে। 

গণজমায়েত ও সমাবেশ শেষে একটি গণমিছিল জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হয়ে সামনের রাস্তা প্রদক্ষিণ করে। এসময় গণঅধিকার পরিষদের সদস্য সচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর, জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান মোস্তফা কামাল, ভাসানী অনুসারী পরিষদের প্রেসিডিয়াম সদস্য আক্তার হোসেন, ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলু, প্রেসিডিয়াম সদস্য নঈম জাহাঙ্গীর প্রমুখ।

আইআই/সিএন

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন