নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশি অভিনেত্রী মিথিলা ও ভারতীয় নির্মাতা সৃজিত মুখার্জির বিবাহবিচ্ছেদের গুঞ্জন উঠেছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দুইজনের পাল্টাপাল্টি ‘রহস্যময় পোস্ট’ নিয়েই মূলত গুঞ্জনের সূত্রপাত।
সৃজিত নিজের একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘এখানে রাগের দরকার নেই, এখানে দোষারোপের প্রয়োজন নেই। এখানে কিছু প্রমাণ করার নেই। সবকিছু একই রয়েছে, সৈকতে শুধু একটা গাছ দাঁড়িয়ে রয়েছে…একা। বিদায় অ্যাঞ্জেলিনা। এবার বিদায় নিতে হবে।’
সৃজিতের পোস্টের পর প্রায় একই সময়ে নিজের কিছু ছবি পোস্ট করেন অভিনেত্রী মিথিলা। সেখানে ক্যাপশনে মিথিলা লেখেন, ‘কীভাবে তুমি জানো যে সেই প্রেম সত্যি? কীভাবে জানো সেই প্রেম ন্যায্য? সেই প্রেম আর নেই এটা জানার আগে সেই উত্তর খুঁজতে কত দূর তুমি যেতে পার?’
২০১৯ সালে ভারতীয় নির্মাতা সৃজিত মুখার্জির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। প্রথম সংসারের মেয়ে আইরাকে নিয়ে সৃজিতের সঙ্গে দাম্পত্য জীবন সুখে পার করছিলেন মিথিলা। সামাজিক যোগাযোগমাধ্যমেও ছিল তাঁদের সরব উপস্থিতি। কয়েক মাস আগে মেয়েকে সঙ্গে নিয়ে ঘুরতেও গিয়েছিলেন তাঁরা। একই সময়ে দুই পোস্টকে ঘিরে তৈরি হয়েছে জল্পনা। অনেকেই শঙ্কা প্রকাশ করেছেন, আবারও কি বিচ্ছেদের পথে মিথিলা!
সিএন/এমটি



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন