ঢাকা: বছরের শুরুতেই ১২ কেজির তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সিলিন্ডারের দাম ৫০ টাকা কমিয়ে এক হাজার ১৭৮ টাকায় নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)
সোমবার (৩ জানুয়ারি) সকালে এ ঘোষণা দেয় বিইআরসি। আজ (সোমবার) সন্ধ্যা ছয়টা থেকেই এ দাম কার্যকর হবে।
বিইআরসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বেসরকারি এলপিজির রিটেইলার পয়েন্টে (ভোক্তা পর্যায়ে) মূসক ছাড়া দাম প্রতি কেজি ৯২ দশমিক তিন টাকা ও মূসকসহ দাম প্রতি কেজি ৯৮ দশমিক ১৭ টাকায় সমন্বয় করা হয়েছে। সে অনুযায়ী রিটেইলার পয়েন্টে ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজির মূসকসহ দাম এক হাজার ১৭৮ টাকায় সমন্বয় করা হয়েছে।’
সোমবার (৩ জানুয়ারি) সকালে বিইআরসির চেয়ারম্যান আব্দুল জলিল এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বলেন, ‘প্রতি মাসে সৌদি সিপি, মূসক ও ডলারের বিনিময় দাম- এ তিনটি সূচকের ওঠানামার ওপর ভিত্তি করে এলপিজির দাম ঠিক করা হচ্ছে। সরকারি এলপিজির ক্ষেত্রে এসব বিষয় না থাকায় তা আপাতত দাম অপরিবর্তিত থাকছে।’
প্রসঙ্গত, গত বছর টানা পাঁচ দফা এলপিজির দাম বাড়ে। এতে সবশেষ ৪ নভেম্বর ১২ কেজি ওজনের একটি এলপিজি সিলিন্ডারের দাম মূসকসহ এক হাজার ৩১৩ টাকা নির্ধারণ করে বিইআরসি। যা ছিল গত বছরের সর্বোচ্চ দাম। পরে ৩ ডিসেম্বর দাম কমিয়ে এক হাজার ২২৮ টাকা নির্ধারণ করা হয়।
সিএন/এমএ



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন