চলমান ডেস্ক: যুক্তরাজ্যের গ্লাসগোতে কপ২৬ জলবায়ু সম্মেলনে সোমবার (১ নভেম্বর) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ‘২০৭০ সাল নাগাদ কার্বন নি:সরণমুক্ত অর্থনীতির দেশ হবে ভারত।’
তিনি গুরুত্বপূর্ণ ওই আলোচনায় বিশ্বের ১২০টি দেশের নেতাদের উদ্দেশে বলেন, ‘২০৭০ সাল নাগাদ ভারত শূন্য কার্বন নি:সরণের লক্ষ্য অর্জন করবে।’ খবর এএফপির।
শূন্য কার্বন নি:সরণের লক্ষ্য অর্জনের ঘোষণা দেয়ার ক্ষেত্রে বিশ্বের প্রধান কার্বন দূষণকারী দেশগুলোর সর্বশেষ হচ্ছে ভারত। এ ক্ষেত্রে চীন বলেছে, ‘তারা ২০৬০ সাল নাগাদ এ লক্ষ্য অর্জন করতে সমর্থ হবে। এ দিকে, যুক্তরাষ্ট্র ও ইউরোপ ২০৫০ সাল নাগাদ শূন্য কার্বন নি:সরণের লক্ষ্য অর্জনের ঘোষণা দিয়েছে।’
মোদি আরো বলেন, ‘ভারত ‘অ-জীবাশ্ম জ্বালানির’ সক্ষমতা বাড়ানোর জন্য তাদের ২০৩০ সালের লক্ষ্য বৃদ্ধি করবে। তারা এটা ৪৫০ থেকে ৫০০ গিগাওয়াট করবে। আর এসবের অধিকাংশ হবে সৌরবিদ্যুৎ। এ ক্ষেত্রে একই সময়ে দেশের জ্বালানি চাহিদার ৫০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে আসবে।’
মোদি ভারতের অর্থনীতির কার্বন প্রবনতা ২০৩০ সাল নাগাদ ৪৫ শতাংশ হ্রাস করার ঘোষণাও দেন। এ ক্ষেত্রে আগের লক্ষ্য ছিল ৩৫ শতাংশ।



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন