চট্টগ্রাম: ২০ রোজার মধ্যে ঈদুল ফিতরের বোনাস ও এপ্রিল মাসের মজুরি পরিশোধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে জাহাজ ভাঙ্গা শ্রমিক ট্রেড ইউনিয়ন ফোরাম। শনিবার (১৬ এপ্রিল) সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।
ফোরামের আহবায়ক টিইউসি চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি তপন দত্তের সভাপতিত্বে ও জাহাজ ভাঙ্গা শ্রমিক নেতা মোহাম্মদ আলীর সঞ্চালনায় এতে বক্তব্য দেন জাতীয়তাবাদী শ্রমিক দলের চট্টগ্রাম বিভাগীয় সভাপতি এএম নাজিম উদ্দিন, বাংলাদেশ লেবার ফেডারেশনের চট্টগ্রাম বিভাগীয় সভাপতি নুরুল আবসার, টিইউসি চট্টগ্রাম জেলার যুগ্ম সম্পাদক ইফতেখার কামাল খান, ফোরামের কোষাধ্যক্ষ রিজওয়ানুর রহমান খান, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কেন্দ্রীয় সংগঠক ফজলুল কবির মিন্টু, বাংলাদেশ মুক্ত শ্রমিক ফেডারেশন নেতা মোহাম্মদ ইদ্রিছ।
সমাবেশে নেতারা বলেন, ‘জীবনের চরম ঝুঁকি নিয়ে জাহাজ ভাঙ্গা শ্রমিকেরা কাজ করলেও শ্রম আইন ও বিধি মেনে উৎসব বোনাস দেয়া হয় না।’
শ্রমিক নেতারা জানান, গত বছর ২৬ জুন এক সভায় মালিক সমিতির পক্ষ থেকে শ্রমিকদের ঈদুল আযহার বোনাস দিবে বলে ওয়াদা করে পরবর্তী সে ওয়াদা রক্ষা করেনি।
তারা বলেন, ‘জাহাজ ভাঙ্গা শ্রমিকেরা জীবনের ঝুঁকি নিয়ে সারা বছর অমানুষিক পরিশ্রম করার পর বছর শেষে উৎসব করার জন্য বোনাস পাবে না, এটা হতে পারে না। এটা খুবই অমানবিক।’
মালিক পক্ষের এমন অমানবিক কাজের বিরুদ্ধে জনমত গড়ে তোলার জন্য তারা সাংবাদিক ও নাগরিক সমাজের প্রতি আহবান জানান।
শ্রমিক নেতারা আরো বলেন, ‘জাহাজ ভাঙ্গা সেক্টরে মালিকেরা কোন আইনই মানতে চায় না। উচ্চ আদালতে রাতে কাজ করার বিষয়ে নিষেধাজ্ঞা থাকা সত্বেও এখানে প্রতিনিয়ত রাতের বেলায় কাজ হচ্ছে। ফলে দুর্ঘটনার হার ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। ২০১৮ সালে সরকার মাসিক নিম্নতম মজুরি ১৬ হাজার টাকা ও দৈনিক ২০১৮ সালে সরকার মাসিক নিম্নতম মজুরি ১৬ হাজার টাকা ও দৈনিক নিম্নতম মজুরি ৬২৫ টাকা ঘোষণা করেছে। ইতিমধ্যে চার বছর অতিক্রান্ত হয়ে গেছে। কিন্তু কোন ইয়ার্ডেই নিম্নতম মজুরি দেয়া হচ্ছে না। নিম্নতম মজুরি বাস্তবায়নের দায়িত্ব কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের হলেও অজ্ঞাত কারণে তারা নিস্ক্রিয় ভূমিকা পালন করছে।’
শ্রমিক নেতারা শ্রম আইন মেনে শ্রমিকদের নিয়োগপত্র, পরিচয়পত্র, সার্ভিস বুক, সবেতন ছুটি দেয়ার দাবি জানান।
সিএন/এমএ



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন