নিউইয়র্ক: প্রতি বছরের মত এবারো নিউইয়র্কে চার দিনের বাংলা বইমেলার আয়োজন করছে মুক্তধারা ফাউন্ডেশন। আগামী ২৮, ২৯, ৩০ ও ৩১ জুলাই এ বইমেলা অনুষ্ঠিত হবে।
৩১তম নিউইয়র্ক বাংলা বইমেলায় বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে অভিবাসী লেখকদের প্রকাশিত সেরা বইয়ের জন্য শহীদ কাদরী পুরস্কার ২০২২। অভিবাসী লেখকদের প্রকাশিত বই আগামী ১৫ জুনের মধ্যে জমা দেয়ার জন্য মুক্তধারা ফাউন্ডেশনের পক্ষ থেকে লেখকদের প্রতি আহবান জানানো হয়েছে। পুরস্কারের আর্থিক মূল্যমান ৫০০ ইউএস ডলার। আগ্রহীরা তাদের বাংলা ভাষায় রচিত ও ২০২১ সালে প্রকাশিত যে কোন একটি শিরোনামের বই পাঠাতে পারবেন। বাংলাদেশ ও পশ্চিম বঙ্গের বিশিষ্ট লেখকদের সমন্বয়ে গঠিত একটি বিচারক প্যানেল পুরস্কারের জন্যে সেরা বইটি নির্বাচন করবেন।
বাংলাদেশ ও পশ্চিম বঙ্গ থেকে বিশিষ্ট লেখক, শিল্পী ও প্রকাশক বরাবরের মত এবারো নিউইয়র্ক বইমেলায় অংশ নেবেন। বাংলাদেশ ও পশ্চিম বাংলার বাইরে সবচেয়ে বড় ও দীর্ঘ স্থায়ী বইমেলা হিসেবে স্বীকৃত ‘নিউইয়র্ক বাংলা বইমেলা’র আসরের আহবায়ক নির্বাচিত হয়েছেন গোলাম ফারুক ভুঁইয়া।
ফাউন্ডেশনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘শহীদ কাদরী পুরস্কার ২০২২ এ অংশ নেয়ার জন্য লেখককে অবশ্যই বাংলাদেশ ও ভারতের বাইরের কোন দেশে অভিবাসী হতে হবে। লেখকেরা তাদের বাংলা ভাষায় রচিত একটি মাত্র শিরোনামের বই জমা দিয়ে এ পুরস্কার প্রত্যাশী হতে পারবেন। লেখককে নিজ খরচে তার বইয়ের তিন কপি ইউএসএ শহীদ কাদরী পুরস্কার ২০২২, মুক্তধারা ফাউন্ডেশন ৩৭-৬৯, ৭৪ এসটি, দ্বিতীয় তলা, জ্যাকসন হাইটস, নিউইয়র্ক ১১৩৭২ ঠিকানায় পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছে।’



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন