নীলফামারী: নীলফামারী জেলা শহর থেকে বাংলাবান্ধা স্থল বন্দর পর্যন্ত বাস চলাচল শুরু হবে আগামী ৮ নভেম্বর।
সোমবার (১ নভেম্বর) বিকালে নীলফামারী সড়ক পরিবহণ মালিক গ্রুপ কার্যালয়ে রংপুর, পঞ্চগড় ও নীলফামারী জেলার বাস মালিক নেতাদের নিয়ে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
এতে সভাপতিত্ব করেন নীলফামারী সড়ক পরিবহণ মালিক গ্রুপের সভাপতি শাহজাহান আলী চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন বাস মালিক ও জলঢাকা পৌরসভার মেয়র ইলিয়াস হোসেন বাবলু, জলঢাকা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদ হোসেন রুবেল, পঞ্চগড় জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি মতিয়ার রহমান ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, রংপুর জেলা মোটর মালিক সমিতির সহ সভাপতি আব্দুল মান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আফতাব উজ জামান লিপন ও নীলফামারী জেলা সড়ক পরিবহণ মালিক গ্রুপের সহ সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান জুয়েল।
রংপুর জেলা মোটর মালিক সমিতির সহ সভাপতি আব্দুল মান্নান বলেন, ‘রংপুর বাস টার্মিনাল থেকে বাংলাবান্ধার উদ্দেশ্যে প্রতিদিন ২০টি যাত্রীবাহী বাস বাংলাবান্ধা স্থলবন্দর পর্যন্ত আসা যাওয়া করবে ২০মিনিট পরপর। রংপুর থেকে ভাড়া নির্ধারণ করা হয়েছে ১৭০টাকা। এসব বাস চলবে নীলফামারী শহর হয়ে।’
পঞ্চগড় জেলা বাস মিনিবাস কোচ মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, ‘বাংলাবান্ধা স্থল বন্দর হয়ে পর্যটকদের ভারতে যাওয়া-আসার সুবিধার কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।’
নীলফামারী জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি শাহজাহান আলী চৌধুরী জানান, আগামী ৮ নভেম্বর থেকে এ পথে যাত্রা শুরু করবে যাত্রীবাহী বাস। এ রুটে চলাচলকারী বাস সার্ভিসের নাম রাখা হয়েছে ‘বাংলাবান্ধা এক্সপ্রেস’। রংপুর থেকে তারাগঞ্জ হয়ে কিশোরগঞ্জ, জলঢাকার টেঙ্গনমারী হয়ে নীলফামারী জেলা শহর হয়ে নীলসাগর সড়কে দেবীগঞ্চ-পঞ্চগড় হয়ে বাংলাবান্ধা যাবে বাসগুলো। নীলফামারী শহর থেকে বাংলাবান্ধার ভাড়া ৯০ টাকা।



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন