নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের ব্রুকলিনে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এক ঘন্টার ব্যবধানে পৃথক তিন বন্দুক হামলায় একজন নিহত হয়েছেন। আহত হয়েছে অন্তত আরও ৫ জন।
স্থানীয় সময় সোমবার (৫ সেপ্টেম্বর) সকালে ব্রুকলিনের বিভিন্ন স্থানে এ ঘটনা ঘটে।
নিউইয়র্ক সিটি পুলিশ বিভাগ জানিয়েছে, এদিন ১২ টা ১৫ মিনিটের দিকে ব্রাউনসভিলের ৪৭১ ইস্ট ৯৬ স্ট্রিটের বাইরে একজন ২৭ বছর বয়সী লোক বাম হাতে, পিঠে এবং পেটে গুলিবিদ্ধ হন। তাকে দ্রুত ব্রুকডেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল রয়েছে।
এই ঘটনার প্রায় পাঁচ মিনিট পরে ২২৩১ ব্যাচেল্ডার স্ট্রিটের সামনে তিনজনকে গুলি করা হয়। এ সময় ক্যালভিন কেলম্যান নামে ৩০ বছর বয়সী এক ব্যক্তি বুকে গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে এনওয়াইইউ ল্যাঙ্গোন হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এসময় ২৮ বছর বয়সী এবং ৩০ বছর বয়সী আরও দুইজনের গুলি লাগে। তারা আশঙ্কামুক্ত রয়েছেন।
এইদিকে এ ঘটনার রেশ কাটতে না কাটতে ১২ টা ৫০ মিনিটে পূর্ব নিউইয়র্ক এভিনিউ এবং স্ট্রস স্ট্রিটের সংযোগস্থলে আরও একজনের ঘাড়ে গুলি করা হয়। তিনি বর্তমানে ব্রুকডেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে গুরুতর অবস্থায় আছেন।
পুলিশ আরও জানায়, এ ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা হয় নি। ঘটনাগুলো একটি অপরটির সাথে সম্পৃক্ত কি না তাও খতিয়ে দেখছে পুলিশ। এছাড়া শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে আরও সজাগ হয়েছে বলেও জানিয়েছে নিউইয়র্ক সিটি পুলিশ।
আইআই/সিএন



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন