ঢাকা : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের প্রশ্রয় ও মদদ ছাড়া কখনোই চালের দাম বাড়ানো সম্ভব হয় না। তাই আমরা বারবার বলছি, সরকারের কারসাজি শুধু নয়, সরকারের সরাসরি সম্পৃক্ততা আজকে দ্রব্যমূল্য বৃদ্ধি করেছে। চালের দাম বৃদ্ধি করেছে।
শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) আয়োজিত এক আলোচনা সভায় বিএনপি মহাসচিব একথা জানান। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১তম শাহাদাত বার্ষিকী ও জাগপার প্রতিষ্ঠাতা শফিউল আলম প্রধানের ৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভা হয়। তিনি বলেন, মন্ত্রী নিজে স্বীকার করেছেন সিন্ডিকেটরা দাম বাড়াচ্ছে। তাহলে তিনি আছেন কেন? যারা সিন্ডিকেটকে নিয়ন্ত্রণ করতে পারো না, যারা দুর্নীতিবাজদেরকে ধরতে পারো না, তারা ছোট ছোট আরতদারদেরকে ধরছে।
মির্জা ফখরুল বলেন, আমি ওবায়দুল কাদেরকে সর্তক করতে চাই যে, আপনারা ইতিহাস থেকে তো শিক্ষা নেন না। এবার একটু শিক্ষা নেন। মনে করুন ১৯৭৪ সালের কথা। তখন দুর্ভিক্ষ হয়েছিলো, খাদ্য শষ্যের দাম বেড়ে গিয়েছিলো। আজকে আবার খাদ্যশষ্যের দাম বাড়ছে, খাদ্যের দাম বাড়ছে এবং মানুষের হাহাকার শুরু হয়েছে। সেই সময়ে যদি আপনি দেওয়ালের লিখন না পড়েন, উদ্যোগ যদি না নেন।এখন ওই সমস্ত উল্টো-পাল্টা কথা বলে লাভ নাই।
তিনি বলেন, যারা জোর করে ক্ষমতা দখল করে থাকে তারা কী ক্ষমতা ছেড়ে দেয়। এটা আদায় করতে হবে, সেটা জনগনের শক্তিতেই আদায় করতে হবে। আমাদের তো কোনো শক্তি নেই, শক্তি একটাই সেটা হচ্ছে জনগন। সমস্ত রাজনৈতিক দলগুলোকে নিয়ে যে ঐক্য প্রক্রিয়া শুরু করেছি, সেই ঐক্য প্রক্রিয়াকে আমরা সবাই সফল করব।
জাগাপার সভাপতি খন্দকার লুতফর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এসএম শাহাদাতের সঞ্চালনায় আলোচনা সভায় জাতীয় পার্টি(কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার, বিএনপির আমান উল্লাহ আমান, খায়রুল কবির খোকন, এনপিপির ফরিদুজ্জামান ফরহাদ, জাতীয় দলের সৈয়দ এহসানুল হুদা, এলডিপির শাহাদাত হোসেন সেলিম, ডিএলের সাইফুদ্দিন আহমেদ মনি প্রমূখ নেতারা বক্তব্য রাখেন।
আফআইটি/সিএন



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন