সোমবার, ১৬ মার্চ ২০২৬

শিরোনাম

আজ থেকে দেশে বুস্টার ডোজ সপ্তাহ শুরু

শনিবার, জুন ৪, ২০২২

প্রিন্ট করুন

চলমান নিউইয়র্ক ডেস্ক : দেশে করোনা ভাইরাস নিয়ন্ত্রণে শনিবার (৪ জুন) থেকে ১০ জুন পর্যন্ত দেশব্যাপী করোনা টিকার বুস্টার ডোজ সপ্তাহ ঘোষণা করেছে স্বাস্থ্যবিভাগ। এই সাতদিনে সারাদেশে  প্রায় ১ কোটি ৪১ লাখ ৭৭ হাজার জনকে করোনা টিকার বুস্টার ডোজ দেওয়া হবে। আর এই সময়ে ১৮ বছর ও তদূর্ধ্ব সবাই বুস্টার ডোজ নিতে পারবেন। স্বাস্থ্য অধিদফতর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদেশে মোট ১৬ হাজার ১৮১ টিকা কেন্দ্রে বুস্টার ডোজ টিকা দেওয়া হবে। এর মধ্যে ৬২৩টি স্থায়ী কেন্দ্র ও ১৫ হাজার ৫৫৮টি অস্থায়ী কেন্দ্র।স্থায়ী কেন্দ্রগুলোতে ৭ দিন ও অস্থায়ী কেন্দ্রগুলোতে ২ দিন টিকাদান কার্যক্রম চলবে। অস্থায়ী কেন্দ্রে টিকা দেওয়ার তারিখ স্থানীয় পর্যায়ে প্রচার-প্রচারণা ও মাইকিং করে জানিয়ে দেওয়া হবে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশের সব টিকাকেন্দ্রে কাল সকাল ৯টা থেকে টিকাদান শুরু হবে। এক্ষেত্রে সঙ্গে টিকা কার্ড বাধ্যতামূলক। এছাড়াও বুস্টার ডোজের পাশাপাশি, করোনা টিকার স্বাভাবিক কার্যক্রমও চলমান থাকবে। বুস্টার ডোজ সপ্তাহ চলাকালে একযোগে ৪৫ হাজার ৫৩৫ জন টিকাদান কর্মী ও স্বেচ্ছাসেবী টিকাদান কাজে নিয়োজিত থাকবেন। এ সময় প্রায় ১ কোটি ৪১ লাখ ৭৭ হাজার জনকে টিকা দেওয়া হবে। ২য় ডোজ টিকা নেওয়ার পর ৪ মাস পার হয়েছে এমন ১৮ বছর ও এর বেশি বয়সের নাগরিকদের বুস্টার ডোজ দেওয়া হবে।

কোভিড-১৯ টিকা কার্ড বা সনদ দেখিয়ে নিকটস্থ টিকাকেন্দ্র বা বাংলাদেশের যে কোনো কেন্দ্রে টিকা নেওয়া যাবে। বয়স্ক, নারী, অন্তঃসত্ত্বা ও প্রতিবন্ধীদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেওয়া হবে।উপজেলা ও পৌরসভা পর্যায়ে বুস্টার ডোজ হিসেবে মডার্না বা অ্যাস্ট্রাজেনেকা টিকা দেওয়া হবে। সিটি করপোরেশনের আওতাধীন যে সব টিকাকেন্দ্রে ফাইজার টিকা দেওয়া হয়, সে সব কেন্দ্রে বুস্টার হিসেবে ফাইজার ও যেসব কেন্দ্রে ফাইজার দেওয়া হয় না, সে সব কেন্দ্রে মডার্না বা অ্যাস্ট্রাজেনেকা টিকা দেওয়া হবে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, বর্তমানে দেশে ২১ লাখ ১৯ হাজার ৫৩০ ডোজ অ্যাস্ট্রাজেনেকা, ২৬ লাখ ৭৯ হাজার ১০০ ডোজ মডার্না, ১ কোটি ৪০ লাখ ৪৭ হাজার ৮৪২ ডোজ ফাইজার, ১৯ লাখ ১১ হাজার ৭৪৪ ডোজ সিনোফার্ম ও ৮১ লাখ ৮ হাজার ৩২০ ডোজ সিনোভ্যাক টিকা মজুদ আছে।  স্বাস্থ্য অধিদফতর হিসাব অনুযায়ী, দেশে বৃহস্পতিবার পর্যন্ত ১২ কোটি ৮৭ লাখ ৮৬ হাজার ২৩৪ জনকে প্রথম ডোজ, ১১ কোটি ৭৭ লাখ ৫৬ হাজার ৬১৪ জনকে দ্বিতীয় ডোজ এবং ১ কোটি ৫৫ লাখ ৬১ হাজার ৩৩৩ জনকে বুস্টার ডোজ দেওয়া হয়েছে। এছাড়াও শুধু ভাসমান জনগোষ্ঠীকে  জনসন অ্যান্ড জনসনের এক ডোজের টিকা দেওয়া হয়েছে দুই লাখ ৪৭ হাজার ৫০জনকে।

উল্লেখ্য, দেশে ২০২১ সালের ২৭ জানুয়ারি থেকে করোনা টিকার নিবন্ধন শুরু হয়। আর  গত বছরের ৭ ফেব্রুয়ারি করোনার টিকার প্রথম ডোজ দেওয়া শুরু হয়। এর দুই মাস পর ৮ এপ্রিল শুরু হয় দ্বিতীয় ডোজ দেওয়ার কার্যক্রম। আর গত বছরের ২৮ ডিসেম্বর তৃতীয় ডোজ বা বুস্টার ডোজ দেওয়া শুরু করে স্বাস্থ্য অধিদফতর।

এফআইটি/সিএন

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন