সোমবার, ১৬ মার্চ ২০২৬

শিরোনাম

সুদানে গণতন্ত্রপন্থী কর্মীদের সাথে সাক্ষাত আমেরিকার কূটনীতিকদের

বৃহস্পতিবার, জানুয়ারী ২০, ২০২২

প্রিন্ট করুন

চলমান ডেস্ক: সুদানে গণতন্ত্রপন্থী সক্রিয় কর্মীদের সাথে বুধবার (১৯ জানুয়ারি) সাক্ষাত করেছেন আমেরিকার সিনিয়র কূটনীতিকরা। গত বছরের সামরিক অভ্যুত্থানের পর সৃষ্ট সংকট সমাধানের উপায় খুঁজে বের করতে আলোচনার অংশ হিসেবে তারা এ সাক্ষাত করেন। খার্তুমে অবস্থিত ওয়াশিংটন দূতাবাস এ তথ্য জানিয়েছে। খবর এএফপির।

সেনা প্রধান আব্দেল ফাত্তাহ আল-বুরহানের নেতৃত্বে গত বছরের ২৫ অক্টোবর সামরিক বাহিনী ক্ষমতা গ্রহণের পর থেকে সুদানে নিয়মিত বিক্ষোভ-সমাবেশ হয়ে আসছে ও সেই সাথে দেশটিতে ব্যাপক দমনপীড়নও চলছে। এ সামরিক অভ্যুত্থানের ফলে দেশটির বেসামরিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের পথ বাধাগ্রস্ত হয়।

হাসপাতাল সূত্র জানায়, দেশটিতে সামরিক অভ্যুত্থান বিরোধী বিভিন্ন বিক্ষোভ-সমাবেশ দমনে নিরাপত্তা বাহিনীর অভিযানে এ পর্যন্ত ৭১ জন নিহত ও শত শত মানুষ আহত হয়েছেন।

সূত্র জানায়, কেবলমাত্র সোমবার (১৭ জানুয়ারি) কমপক্ষে সাত বিক্ষোভকারী নিহত হয়েছেন। এ দিন ছিল সামরিক অভ্যুত্থান বিরোধী বিক্ষোভের রক্তক্ষয়ী দিনগুলোর অন্যতম।

টুইটারে দেয়া এক বার্তায় আমেরিকার দূতাবাস জানায়, মার্কিন সহকারি পররাষ্ট্র মন্ত্রী মলি পী এবং হর্ন অব আফ্রিকার বিশেষ দূত ডেভিড সটারফিল্ড বিক্ষোভ চলাকালে নিহত শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সাথে সাক্ষাত করেন।

তারা সুদানিজ প্রফেশনালস অ্যাসোসিয়েশনের (এসপিএ) সদস্যদের সাথেও দেখা করেন। সংগঠনটি গণতন্ত্র পন্থী বিক্ষোভের প্রতি জোরালো সমর্থন জানায় এবং এর পক্ষে বিক্ষোভ-সমাবেশ করে। তাদের ব্যাপক বিক্ষোভের মুখে ২০১৯ সালের এপ্রিলে প্রেসিডেন্ট ওমর আল-বাশার ক্ষমতাচ্যুত হন।

এ দিকে, এসপিএ সামরিক অভ্যুত্থান বিরোধী বিক্ষোভের ডাক দিয়েছে।

কূটনীতিকদের সামরিক নেতা ও রাজনৈতিক ব্যক্তিদের সাথেও সাক্ষাত করার কথা রয়েছে।

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন