ঢাকা: করোনাকালে দ্রব্যমূল্য বৃদ্ধির সংকটকালে গ্যাসের দাম বৃদ্ধি না করার আহবান জানিয়েছেন নতুনধারা বাংলাদেশ (এনডিবি)। গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাবের প্রতিবাদে চুলা মিছিল ও নাগরিক প্রস্তাবনায় এ আহবান জানানো হয়।
শুক্রবার (২৮ জানুয়ারি) সকালে ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত কর্মসূচিতে সভাপতির বক্তব্যে দলটির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেন, ‘গ্যাসের দাম বাড়লে বাড়বে ভোগান্তি। যে ভোগান্তি বাজাবে ক্ষমতাসীনদের পতন ঘন্টা। নিজেদের পতন থামাতে হলেও গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাবকারীদেরকে দ্রুত প্রত্যাহার করা উচিৎ।’
কর্মসূচিতে বক্তব্য দেন এনডিবির প্রেসিডিয়াম মেম্বার আবদুল মান্নান আজাদ, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, পুরান ঢাকার রাজনীতিক আবুল হোসেন, মনোয়ারা বেগম।
এতে অন্য বক্তারা বলেন, ‘নতুনধারার রাজনীতিকরা মনে করেন, গ্যাসের দাম বৃদ্ধি কোন সমাধান নয়; বরং ভোগান্তি। গ্যাসের মজুদ ও গ্যাসের সংকট সমাধানে মিটার রিডিংয়ের ব্যবস্থার পাশাপাশি সরকারিভাবে মনিটরিং টিম করতে হবে। এতে করে গ্যাসের অপচয়রোধ হবে। রাষ্ট্রিয় সম্পদ রক্ষায় অবশ্যই জনসচেতনতা তৈরি করতে হবে।’
সিএন/এমএ



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন