চলমান ডেস্ক: পাকিস্তানের বেলুচিস্তানে সেনাবাহিনীর অভিযানে ২০ জন কথিত সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর)। শনিবার (৫ ফেব্রুয়ারি) আইএসপিআর জানায়, তারা ওই অঞ্চলে অভিযান সমাপ্ত ঘোষণা করেছে।
সম্প্রতি দেশটির বেলুচিস্তান প্রদেশের একটি নিরাপত্তা বাহিনীর তল্লাশি চৌকিতে হামলায় ১০ সেনাসদস্য নিহত হন। কেচ জেলায় ওই হামলার ঘটনা ঘটে। এরপর অভিযানে নামে দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যরা।
দেশটির আইএসপিআর জানিয়েছে, বুধবার গভীর রাতে বেলুচিস্তান প্রদেশের পাঞ্জগুর ও নওশকি এলাকায় নিরাপত্তা বাহিনীর চালানো অভিযান শেষ হয়েছে। এ অভিযানে ২০ জন কথিত সন্ত্রাসী নিহত হয়েছে। অভিযানে সময় ৯ জন সেনা সদস্যও নিহত হয় বলেও জানায় আইএসপিআর।
তারা আরও জানায়, নওশকি এলাকায় ৯ জন ‘সন্ত্রাসী’ নিহত হয়েছে। অভিযান চলাকালে এক কর্মকর্তাসহ চারজন নিরাপত্তা বাহিনীর সদস্যও নিহত হন।
আইএসপিআর জানিয়েছে, পাঞ্জগুর এলাকায় অভিযানে নিহত হয় আরও বেশ কয়েকজন ‘সন্ত্রাসী’। দেশটির সামরিক বাহিনীর মিডিয়া উইং বলছে, এ অভিযানে পাঁচজন সেনা সদস্য নিহত হন। এতে আহত হয়েছেন আরও ছয়জন। তিনজন ‘সন্ত্রাসী’ যারা কেচ জেলায় হামলা চালিয়েছে তারাও নিহত হয়েছে সেনা অভিযানে।
আইআই/সিএন



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন