চলমান ডেস্ক: সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জিজান প্রদেশের একটি বিমানবন্দরে ড্রোন হামলায় কমপক্ষে ১৬ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে বিশ্বের বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন। তবে তাদের মধ্যে কোনও বাংলাদেশি আছেন কি-না তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। সোমবার (২১ ফেব্রুয়ারি) কিং আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ বিমানবন্দরে এ ঘটনা ঘটে।
সৌদির রাষ্ট্রায়ত্ত সংবাদসংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) বলছে, কিং আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ বিমানবন্দরে ছুটে আসা একটি ড্রোন আটকে দিয়েছে সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এ সময় ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে বিভিন্ন দেশের ১৬ নাগরিক আহত হয়েছেন। ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
ইয়েমেনের রাজধানী সানার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা পুনরায় আন্তঃসীমান্ত হামলা শুরু করেছে বলে জানিয়েছে সৌদি জোট। এক বিবৃতিতে বলা হয়েছে, ইয়েমেনে বড় ধরনের সামরিক অভিযানের প্রস্তুতি প্রক্রিয়াধীন রয়েছে। বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে এ ধরনের হামলা চালানোর জন্য হুথিদের অবশ্যই পরিণতি ভোগ করতে হবে।
এর আগে, গত ১০ ফেব্রুয়ারি দেশটির দক্ষিণাঞ্চলীয় আভা শহরের একটি বিমানবন্দরে হুথিদের ড্রোন হামলায় বাংলাদেশি প্রবাসীসহ অন্তত ১২ জন আহত হন। পরে বিদ্রোহী নিয়ন্ত্রিত রাজধানী সানায় বোমা হামলা চালিয়ে একটি টেলিকমিউনিকেশন সিস্টেম গুঁড়িয়ে দেয় সৌদি নেতৃত্বাধীন জোট।
আইআই/সিএন



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন