শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

শিরোনাম

রাশিয়ার শীর্ষ কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা অস্ট্রেলিয়ার

বুধবার, ফেব্রুয়ারী ২৩, ২০২২

প্রিন্ট করুন

চলমান ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আট শীর্ষ নিরাপত্তা উপদেষ্টার ওপর বুধবার (২৩ ফেব্রুয়ারি) নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া। রাশিয়ার ‘অগ্রহণযোগ্য’ ইউক্রেন আগ্রাসনের পর তারা এমন পদক্ষেপ নিল। খবর এএফপির।

ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়ার সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের পক্ষে সেনা মোতায়েনে পুতিনের সিদ্ধান্তের পর অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন এ নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেন। এ ক্ষেত্রে আমেরিকার অন্যান্য মিত্র দেশ প্রায় একই ধরনের সিদ্ধান্ত নেয়।

রাশিয়ার নিরাপত্তা পরিষদের আট সদস্য নিষেধাজ্ঞা ভোগ করবে। তাদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞাও আরোপ করা হয়েছে।

অস্ট্রেলিয়া সামরিক সংশ্লিষ্ট রাশিয়ার বিভিন্ন ব্যাংক লক্ষ্য করে পদক্ষেপ নেবে।

মরিসন বলেন, ‘তারা ভাড়াটে গুন্ডা ও উৎপীড়কের মতো আচরণ করছে।’ ‘পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে’ তারা পুরোদমে আগ্রাসন চালানো শুরু করতে পারে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে।’

অস্ট্রেলিয়া ফাইভ আইজ ইন্টেলিজেন্স-শেয়ারিং ব্লকের সদস্য দেশ। এ ব্লকে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, কানাডা ও নিউজিল্যান্ড রয়েছে।

মরিসন আরো বলেন, ‘অস্ট্রেলিয়া উৎপীড়ন দমনে সর্বদা প্রস্তুত থাকবে।’

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন