শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

শিরোনাম

গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হবে

বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ২৪, ২০২২

প্রিন্ট করুন

ঢাকা: দেশের নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়েছে উল্লেখ করে জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাংসদ গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, ‘দেশের মানুষ ভোটের ওপর আস্থা হারিয়ে আর ভোট কেন্দ্রে যেতে চায় না। এখন নির্বাচন হচ্ছে খুনোখুনি আর আতংকের নাম। দেশের মানুষ উৎসব মূখর নির্বাচন দেখতে চায়। গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হবে। দেশের মানুষকে নির্বাচনমুখী করতে হবে। তাই, শক্তিশালী একটি নির্বাচন কমিশন দরকার।’

বুধবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এতে সাবেক সেনাকর্মকর্তা লেফটেনেন্টে কর্নেল (অব.) তছলিম উদ্দিন গোলাম মোহাম্মদ কাদেরের হাতে ফুল দিয়ে জাতীয় পার্টিতে যোগ দেন।

অনুষ্ঠানে মোহাম্মদ কাদের আরো বলেন, ‘নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে সার্চ কমিটি রাষ্ট্রপতির কাছে যে তালিকা দিবে, তা দেশের মানুষ জানতে চায়। সার্চ কমিটির দেয়া প্রস্তাবনা প্রকাশ করা উচিত। আমরা প্রয়োজনীয় ক্ষমতা দিয়ে নির্বাচন কমিশন গঠনে আইন করতে প্রস্তাব দিয়েছিলাম। নির্বাচন কমিশন আইন হয়েছে; কিন্তু কমিশনকে ক্ষমতা দেয়া হয়নি। তাই, নির্বাচন কমিশনকে দলীয় সরকারের প্রতি মুখাপেক্ষি হতে হবে। এ জন্যই ক্ষমতাহীন নির্বাচন কমিশনের পক্ষে সুষ্ঠু নির্বাচন আয়োজন করা দুরুহ হয়ে পড়বে।’

অনুষ্ঠানে জাতীয় পার্টির মহাসচিব ও সাংসদ মো. মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য জহিরুল ইসলাম জহির, চেয়ারম্যানের উপদেষ্টা ও সাংসদ শেরীফা কাদের, মনিরুল ইসলাম মিলন, হেনা খান পন্নি, মশরুল মওলা, ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা রানী, মো. সাইফুল ইসলাম স্বপন, যুগ্ম মহাসচিব ফখরুল আহসান শাহজাদা, দপ্তর সম্পাদক দুই এমএ রাজ্জাক খান, কেন্দ্রীয় নেতা কাজী মামুন, জাকির হোসেন খান, আলাউদ্দিন আহমেদ, মো. খলিলুর রহমান সিদ্দিকী, নাজমুন নাহার ইতি, রেজাউল করিম প্রমুখ ‍উপস্থিত ছিলেন।

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন