শনিবার, ১৪ মার্চ ২০২৬

শিরোনাম

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু

বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ২৪, ২০২২

প্রিন্ট করুন

চলমান ডেস্ক : স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে ইউক্রেন অভিমুখে রাশিয়ার সামরিক অভিযান শুরুর ঘোষণা দেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর কিছুক্ষণ আগে এক টেলিভিশন ভাষণে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযানের ঘোষণা দেন তিনি। এই অভিযানে ইউক্রেনকে নিরস্ত্রীকরণ এবং নাৎসীমুক্ত করা হবে বলে জানান তিনি। ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিক হামলায় ক্রুজ ক্ষেপণাস্ত্র, কামান, বিমান হামলা ব্যবহার করা হয়েছে। সামরিক অবকাঠামো এবং সীমান্ত অবস্থান লক্ষ্য করে এসব হামলা চালানো হচ্ছে। আন্তর্জাতিক গণমাধ্যম (বিবিসি, গার্ডিয়ান, সিএনএন, আলজাজিরা)  থেকে জানা কিছু তথ্য চলমান নিউইয়র্ক পাঠকদের জন্য তুলে ধরা হলো-

রাশিয়া মিসাইল হামলা চালিয়েছে: ইউক্রেন

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি নিশ্চিত করেছেন যে, ইউক্রেনে মিসাইল হামলা চালানো হয়েছে। তিন দাবি করেছেন ইউক্রেনের স্থাপনা ও সীমান্তরক্ষীদের ওপর মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া। ভ্লাদিমির জেলনস্কি বলেছেন, ইউক্রেনের অবকাঠামো ও সীমান্ত রক্ষীদের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে রাশিয়া। এ অবস্থায় দেশটিতে জরুরি অবস্থা জারির নির্দেশ দিয়েছেন তিনি। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের সামরিক স্থাপনা লক্ষ্য করে আক্রমণ চালানোর কথা স্বীকার করেছে রাশিয়া। রাশিয়া বলছে, ইউক্রেনের বিমান বাহিনী ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্য করে আক্রমণ চালানো হচ্ছে। কোনো শহরের ওপর হামলা করা হচ্ছে না।

রাশিয়ার ৫টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে ইউক্রেন

রাশিয়ার পাঁচটি যুদ্ধবিমান ও একটি হেলিকপ্টার ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। তবে দেশটির দাবি প্রত্যাখ্যান করেছে রাশিয়া। ইউক্রেনের সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে জানায়, আমরা রাশিয়ার পাঁচটি যুদ্ধবিমান ও একটি হেলিকপ্টার ভূপাতিত করেছি।‘শান্ত থাকুন এবং ইউক্রেনের প্রতিরক্ষায় নিয়োজিতদের ওপর বিশ্বাস রাখুন’বলা হয় বিবৃতিতে। তবে যুদ্ধবিমান ভূপাতিত করার বিষয়ে ইউক্রেনের দাবি প্রত্যাখ্যান করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

ইউক্রেনের এয়ার ডিফেন্স ধ্বংস করেছে রাশিয়া

ইউক্রেনের এয়ার ডিফেন্স সিস্টেম এবং বিমানঘাঁটিগুলো সম্পূর্ণ ধ্বংস করে দেওয়ার দাবি করছে রাশিয়া। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) ভোর থেকে শুরু করা বিশেষ অভিযানের অংশ হিসেবে ইউক্রেনে জল, স্থল এবং আকাশপথ ব্যবহার করে আক্রমণ চালাচ্ছে রাশিয়া। এ ব্যাপারে রুশ প্রতিরক্ষামন্ত্রী সংবাদমাধ্যম রাশিয়া টুডেকে জানিয়েছেন, প্রথমে হামলা চলে ইউক্রেনের বিমানবন্দর এবং রানওয়েগুলো টার্গেট করে। ক্রমেই সে হামলা এয়ার ডিফেন্স সিস্টেমকে অকার্যকর করে ফেলে এবং বিমানঘাঁটিগুলো ধ্বংস করে। এদিকে ক্রেমলিনের পক্ষ থেকে বলা হয়েছে, রুশ সেনারা বিনা বাধায় ইউক্রেন সীমান্তে ঢুকে পড়েছে। তারপর ডনব্যাস অভিমুখে যাত্রা করার রাষ্ট্রীয় নির্দেশনার প্রেক্ষিতে তারা সামনে এগিয়েছে। অন্যদিকে, সর্বশেষ এক বিবৃতিতে মস্কোর পক্ষ থেকে বলা হয়েছে ইউক্রেনের সামরিক অবকাঠামো লক্ষ্য করে তারা হামলা চালিয়েছে।

ইউক্রেনের রাজধানী কিয়েভ ছাড়ছে বাসিন্দারা

রাশিয়ার ইউক্রেনে হামলা শুরুর পর থেকেই প্রাণভয়ে রাজধানী কিয়েভ ছাড়তে শুরু করেছেন বাসিন্দারা। কিয়েভ থেকে পালিয়ে অপেক্ষাকৃত নিরাপদ পোল্যান্ড সীমান্তের দিকে গাড়ির লম্বা লাইন দেখা যাচ্ছে। উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে পেট্রোল এবং গ্যাস পাম্পগুলোতে। সম্ভাব্য অনিরাপদ পরিস্থিতির কথা চিন্তা করে বেসামরিক জনগণ এটিএম বুথ এবং সুপারশপগুলোতে ভিড় করছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে কিয়েভের অনেকে তাদের আতঙ্কের অনুভূতি শেয়ার করেছেন। টেলিভিশনের ফুটেজে দেখা গেছে লোকজন দলবেঁধে রাস্তায় প্রার্থনা করছেন। রাস্তায় হাঁটা চলা করা মানুষের সংখ্যা নগন্য। সবাই নিরাপদ ভবিষ্যতের খোঁজে রুদ্ধশ্বাসে ছুটছেন। কিয়েভের বরাতে রয়টার্স জানিয়েছে, রাশিয়ার সামরিক বাহিনী ইউক্রেনের কয়েকটি শহরে আক্রমণ করেছে এবং দক্ষিণ উপকূলে রুশ সেনা অবতরণ করেছে।

ইউক্রেনে সামরিক আইন জারি

ডাচ আউটলেট বিএনও বলেছে, রুশ বাহিনী ইউক্রেনে আক্রমণ চালানোর পর দেশটিতে বুধবার রাতে সামরিক আইন জারি করা হয়েছে। দেশব্যাপী জরুরি অবস্থা কার্যকর করা হয়েছে, কর্মকর্তাদের বিধি-নিষেধ আরোপ করার অতিরিক্ত ক্ষমতা দেওয়া হয়েছে। সামরিক আইনের অধীনে সামরিক নেতারা ইউক্রেনের বেসামরিক নাগরিকদের নিয়ন্ত্রণ করবেন।

এফআইটি/সিএন

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন