শনিবার, ১৪ মার্চ ২০২৬

শিরোনাম

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে সম্পূর্ণভাবে ব্যর্থ সরকার

বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ২৪, ২০২২

প্রিন্ট করুন

চট্টগ্রাম: এ সরকার দীর্ঘ ১২ বছরের অধিক সময় রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার কারণে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছে উল্লেখ করে চট্টগ্রাম সিটি বিএনপির আহবায়ক শাহাদাত হোসেন বলেছেন, ‘দুর্নীতির কারণে আজ অর্থনীতি ধ্বংস হয়ে গেছে। দুর্নীতিবাজ ও ব্যবসায়ী সিন্ডিকেটের কারণে আজ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। হু হু করে বাড়ছে প্রতিটি জিনিসের দাম। টিসিবির গাডির পেছনে ছুটছে সাধারণ জনগণ। সবকিছু এখন সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। জনগণের এ দুর্দশার জন্য সরকারই দায়ী। সব ক্ষেত্রে ব্যর্থ এ সরকারের পদত্যাগ করা উচিত।’

তিনি বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকালে সিটির কাজীর দেউড়ীস্ত দলীয় কার্যালয়ে জিয়াউর রহমান ফাউন্ডেশন কোর্ট হিল শাখার উদ্যোগে চট্টগ্রাম বারে নব নির্বাচিত আইনজীবী সদস্যদের সংবর্ধনা ও ডিডিআরসি প্রতিবন্ধী, অসহায়, হতদরিদ্র মাঝে কম্বল বিতরণ কালে এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তৃতায় শাহাদাত হোসেন আরো বলেন, ‘মৌলিক অধিকার ও গণতান্ত্রিক অধিকার এ সরকার কেড়ে নিয়েছে। আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। দেশে আইনের শাসন নেই, গণতন্ত্র নেই, ভোটার অধিকার নেই, নির্বাচন এখন নির্যাতনে পরিণত হয়েছে। আছে এক দলীয় শাসন। এ সরকার ক্ষমতায় আসার পর বিএনপিসহ বিরোধী দলের সব নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা, হামলা, নির্যাতন চালিয়ে যাচ্ছে। সরকারের সমালোচনা করলেই তার বিরুদ্ধে মামলা – হামলা, নির্যাতন, নিপীড়ন শুরু হয়। মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠিয়ে দেওয়া হয়।’

তিনি বলেন, ‘একটি উদ্যোগ, একটু চেষ্টা, এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা’- এ মূলমন্ত্র নিয়েই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জিয়াউর রহমান ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। তারেক রহমানের হাতে গড়া এ সংগঠন প্রতিষ্ঠা লগ্ন থেকেই প্রতিটি জেলায় আত্মমানবতার সেবায় হতদরিদ্র, দুঃস্থ ও অসহায়দের কল্যাণে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় চট্টগ্রামের প্রতিটি জেলায় তারেক রহমানের নির্দেশে এ কার্যক্রম আমরা অব্যাহত রেখেছি।’

ফাউন্ডেশনের কোর্ট হিল শাখার আহবায়ক এডভোকেট মো. আলাউদ্দিনের সভাপতিত্বে ও সদস্য সচিব এডভোকেট আব্দুল মান্নানের সঞ্চালনায় এ সময় চট্টগ্রাম সিটি বিএনপির যুগ্ন আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটন, সদস্য গাজী মো. সিরাজ উল্লাহ, কামরুল ইসলাম, নারী ও শিশু অধিকার ফোরামের আহবায়ক জাহিদুল করিম কচি, সিটি বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার সারোয়ার আলম, জিয়াউর রহমান ফাউন্ডেশনের নেতা এডভোকেট এম আনোয়ার হোসেন, নাজমুল হাসান হোসেন, নাসির উদ্দিন আহমেদ রনি, মোরশেদ আলম, ইউসুফ আলম মাসুদ, মাহাতাব হাসান পাভেল, সানজিক আক্তার, মনজুর হোসেন, মোহাম্মদ ইসলাম ও সাইফুদ্দিন, সংবর্ধিত চট্টগ্রাম ট্যাক্স বারের যুগ্ন সম্পাদক এডভোকেট মো. আলমগীর, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নব নির্বাচিত সদস্য অ্যাডভোকেট আমিনুল কামাল, তৌহিদুল ইসলাম, বিলকিস আরা মিতু ও আব্দুল আল মামুন উপস্থিত ছিলেন।

সিএন/এসএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন