চট্টগ্রাম: বিশ্ব বাজার পূনর্বন্টন প্রভাব বলয় বিস্তার ও নিয়ন্ত্রণ নিয়ে আন্ত: সাম্রাজ্যবাদী দ্বন্দ্বে ইউক্রেনে রুশ আগ্রাসন, ন্যাটোর সম্প্রসারণ বিশ্বব্যাপী সাম্রাজ্যবাদী যুদ্ধ উম্মাদনার বিরুদ্ধে এবং চাল, ডাল, তেল, গ্যাস, পানি ও বিদ্যুৎসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের সীমাহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) চট্টগ্রাম জেলা।
শুক্রবার (৪ মার্চ) বিকালে সিটির দোস্ত বিল্ডিং চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এনডিএফ চট্টগ্রাম জেলা কমিটির সদস্য আব্দুল হাকিম। বক্তব্য দেন এনডিএফ চট্টগ্রাম জেলা সাধারণ সম্পাদক মো. মামুন, বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি চট্টগ্রাম জেলা আহ্বায়ক মো/ ইউছুপ, ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদ চট্টগ্রাম জেলা সাংগঠনিক সম্পাদক মৃদুল কান্তি দেব, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ চট্টগ্রাম জেলা সহ সভাপতি আব্দুর রাজ্জাক, বাংলাদেশ ওএসকে গার্মেন্টস এন্ড টেক্সটাইল শ্রমিক ফেডারেশন, চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক মো. শাহ আলম, এনডিএফ চট্টগ্রাম জেলার সদস্য মো. সোহেল, চট্টগ্রাম জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. রিপন, সামুদ্রিক মৎস্য শিকারী জাহাজ শ্রমিক ইউনিয়নের নেতা আব্দুর রহমান।
সমাবেশে বক্তারা বলেন, ‘বিশ্বে অতি উৎপাদন জনিত সংকট, ব্যবসায় ও বাণিজ্য সংকটের কারণে পুঁজিবাদী সাম্রাজ্যবাদী দেশগুলো বাজার প্রভাব বলয় ও আধিপত্য বিস্তারের প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যুদ্ধ উম্মাদনা বৃদ্ধি করে চলছে। তারই ধারাবাহিকতায় রুশ মার্কিন সাম্রাজ্যবাদসহ আন্ত: সাম্রাজ্যবাদী দ্বন্দ্বে রাশিয়া ইউক্রেনে আগ্রাসন শুরু করে ইউক্রেনের জনগণকে হত্যা করছে। এর আগে মার্কিন সাম্রাজ্যবাদ আফগানিস্তান, ইরাক, লিবিয়া ও ইসরাইল কর্তৃক ফিলিস্তানে আগ্রাসন করে নিরীহ জনগণকে হত্যা করে মানব সভ্যতাকে ক্ষতিগ্রস্ত করেছে। পুঁজিবাদী সাম্রাজ্যবাদী বিশ্ব ব্যবস্থার চলমান অর্থনৈতিক, রাজনৈতিক তথা সামগ্রিক সংকট বাণিজ্য যুদ্ধ, মুদ্রা যুদ্ধ, আঞ্চলিক যুদ্ধের প্রক্রিয়ায় তৃতীয় বিশ্ব যুদ্ধের বিপদ সামনে এসে দাঁড়িয়েছে। আজ পুঁজিবাদ সাম্রাজ্যবাদ পৃথিবীতে বিশ্ব যুদ্ধকে ডেকে নিয়ে আসছে।’
এ অবস্থায় ইউক্রেনসহ পৃথিবীর দেশে দেশে সাম্রাজ্যবাদী আগ্রাসন বন্ধের লক্ষ্যে সাম্রাজ্যবাদী অন্যায় যুদ্ধের বিরুদ্ধে পৃথিবীর দেশে দেশে ন্যায় যুদ্ধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।
বক্তারা আরো বলেন, ‘দেশে আজ সাম্রাজ্যবাদের দালাল এক স্বৈরাচারী সরকার ক্ষমতায় থেকে জনগণের সব মৌলিক অধিকার হরণ করে চলছে। দ্রব্যমূল্যের লাগামহীন মূল্য বৃদ্ধিতে জনগন আজ দিশেহারা, শ্রমিকদের মজুরি বাড়ে নাই, কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পায়না, শিক্ষিত অশিক্ষিত মিলে প্রায় চার কোটি বেকার, চড়া সুদে ঋণ নিয়ে কথিত উন্নয়নের নামে চলছে লুটপাঠ। ঘুষ-দুর্নীতির মাধ্যমে লূট করা হচ্ছে জনগণের লাখ লাখ কোটি টাকা, যা লুটেরা দেশের বাহিরে প্রচার করছে।’
এ অবস্থায় আমাদের বাঁচতে হলে প্রচলিত ব্যবস্থা পরিবর্তন করে সাম্রাজ্যবাদ ও তার এদেশীয় দালাল বিরোধী শ্রমিক-কৃষক-জনগণের রাষ্ট্র সরকার সংবিধান প্রতিষ্ঠার সংগ্রাম বেগবান করার লক্ষ্যে দূর্বার আন্দোলন গড়ে তোলার জন্য শ্রমিক কৃষক-জনগণের প্রতি আহ্বানা জানানো হয়।
সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল দোস্ত বিল্ডিং চত্বর থেকে শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নিউ মার্কেট মোড়ে এসে শেষ হয়।
সিএন/এমএ



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন