চলমান ডেস্ক: সরকার নিত্যপণ্যের ওপর থেকে কর কমানোর পরিকল্পনা করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। রোববার রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। নিত্যপণ্যের উপর ভ্যাট, ট্যাক্স কমানোর বিষয়ে খুব শিগগিরই সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানান মন্ত্রী। দেশে ওএমএস কার্যক্রমও বাড়ানো হবে। এসময় মজুতদারি ঠেকাতে টাস্কফোর্স গঠন করা হবে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশী।
এদিকে, সোমবার এসআরও জারি করা হবে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ সচিব। স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে বিকেল ৪টার পর সচিবালয়ে শুরু হওয়া বৈঠকে যোগ দেন বাণিজ্যমন্ত্রী, কৃষিমন্ত্রী, ভূমিমন্ত্রী, বিদ্যুৎ প্রতিমন্ত্রী এবং আইজিপিসহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা। সম্প্রতি তেলসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ায় উদ্বেগ বেড়েছে। এ পরিস্থিতিতে রোজায় বাজার নিয়ন্ত্রণ রাখতে কৌশল ঠিক করতে চান সংশ্লিষ্টরা। এছাড়া, কেউ যেন কারসাজি করতে না পারে এবং কৃত্রিম সংকট তৈরি না হয় সে বিষয়ে কর্মপন্থা ঠিক করা হবে।
বর্তমানে দেশের বাজারে অতিরিক্ত দামে যে তেল বিক্রি হচ্ছে তা আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার আগেই আমদানি হয়েছে জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, একটি প্রক্রিয়ায় দাম নির্ধারণ হয়। গত ২ ফেব্রুয়ারি একটা দাম নির্ধারণ করে দিয়েছিলাম, যেটা জানুয়ারি মাসের ৩০ দিনের গড় আমদানি মূল্যের ওপর করা হয়েছিল। আন্তর্জাতিক বাজারে আজ যেটা বাড়ছে সেটা আজ প্রভাবে ফেলছে, তা কিন্তু নয়। তবে আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার পরিপ্রেক্ষিতে কিছু ব্যবসায়ী সুযোগ নেওয়ার চেষ্টা করছেন। আমরা কিন্তু কথাবার্তা বলেই দাম নির্ধারণ করেছি। সেটার ব্যাপারে আলোচনা হয়েছে, আমরা কোথাও মজুতদারি করতে দেবো না। কোনো সুযোগ নিতে দেবো না।
সম্প্রতি সয়াবিন তেল, পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম লাগামহীনভাবে বাড়ছে। বিষয়টি নিয়ে সাধারণ মানুষের মাঝে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ক্ষোভ প্রকাশ করছেন সমাজের সর্বস্তরের মানুষ। ইস্যুটি নিয়ে রাজনৈতিক অঙ্গনেও চলছে নানা প্রতিবাদী কর্মসূচি। সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে বলে বিরোধী রাজনৈতিক দলগুলো দোষারোপ করছে। অনুযোগ রয়েছে সংসার চালাতে হিমশিম খাওয়া ভুক্তভোগী সাধারণ মানুষেরও।
এফআইটি/সিএন



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন