নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশী প্রবাসীদেরকে দেশে তাদের সম্পত্তি দেখা-শোনা ও ব্যবস্থাপনায় নানামুখী সেবা দিতে নিউইয়র্কে যাত্রা শুরু করেছে ‘ম্যানেজোলজি হোল্ডিংস’ নামের একটি প্রোপার্টি ম্যানেজমেন্ট কোম্পানি। উৎসব গ্রুপের নতুন এ প্রতিষ্ঠানটি প্রবাসী বাংলাদেশীদের জন্য একটি বহুমাত্রিক সম্পত্তি ব্যবস্থাপনা প্রতিষ্ঠান, যার মাধ্যমে প্রবাসীরা তাদের নিজস্ব জমি ও ফ্ল্যাট প্রবাসের বসেই ক্রয়-বিক্রয় ও ভাড়া দিতে পারবেন।
মঙ্গলবার (১৫ মার্চ) রাতে নিউইয়র্কের কুইন্সের মুনলাইট গ্রিলে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান উৎসব গ্রুপের সিইও রায়হান জামান। এতে আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির রিলেনশিপ ম্যানেজার তানজিলা রহমান তানউই ও মার্কেটিং ম্যানেজার আল আমিন রাসেল।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, ‘‘ম্যানেজোলজি হোল্ডিংস’ এর রয়েছে আধুনিক পোর্টাল সুবিধা, যার মাধ্যমে প্রবাসী বাঙালিরা ঘরে বসেই নিজ দেশে অবস্থিত সম্পত্তির বর্তমান অবস্থা সম্পর্কে জানতে পারবে ও অর্থ সংক্রান্ত বিভিন্ন লেনদেন করতে পারবেন।’
সংবাদ সম্মেলনে জানানো হয়, ‘ম্যানেজোলজি হোল্ডিংস’ প্রবাসী বাঙালিদের জন্য সর্বোত্তম সেবা দিতে সক্ষম। বাংলাদেশে প্রবাসীদের বিভিন্ন সম্পত্তি রক্ষণাবেক্ষণ যেমন- ক্রয়-বিক্রয়, ভাড়া দেয়া, ট্যাক্স পরিশোধ, ইন্টেরিয়র, সংরক্ষণ ইত্যাদি সেবামূলক কাজগুলো অত্যন্ত দক্ষতার সাথে পরিচালনা করবে। ‘ম্যানেজোলজি হোল্ডিংস’ ভাড়া প্রদান ও ক্রয়-বিক্রয় থেকে প্রাপ্ত অর্থ স্বচ্ছতার সাথে প্রবাসে অবস্থিত মালিককে বুঝিয়ে দেয়ার নিশ্চয়তা দেবে।
সংবাদ সম্মেলনে রায়হান জামান বলেন, ‘উৎসব গ্রুপ প্রায় ১৬ বছর ধরে প্রবাসী বাঙালিদের নির্ভরতার সাথে নানা সেবা দিয়ে আসছে। এর ধারাবাহিকতায় ‘ম্যানেজোলজি হোল্ডিংসও’ স্বচ্ছতা ও বিশ্বস্ততার সাথে প্রবাসীদের সম্পত্তি ব্যবস্থাপনায় সেবা দেবে।’
উল্লেখ্য, নিউইয়র্কে বাংলাদেশি বংশোদ্ভূত উদ্যোক্তা রায়হান জামানের প্রতিষ্ঠিত ই-কমার্সভিত্তিক সাইট ‘উৎসব ডট কম’। নাইন ইলেভেন হামলার পর নিউইয়র্কে বসবাসরত বাংলাদেশিদের কথা মাথায় রেখেই উৎসব ডট কমের সূচনা। ‘উৎসব গ্রুপ’র অধীনে ১২-১৩টি প্রতিষ্ঠান কাজ করছে। অনলাইনের মাধ্যমে পৃথিবীর ১৯টি দেশে প্রিয়জনদের কাছে উপহার আর পণ্য সামগ্রী পৌঁছে দেয়ার ব্যবস্থার জন্য উৎসব ডট কম এবং উৎসব বিডি ডট কম-ই সবচেয়ে পরিচিত জনমানুষের কাছে। উৎসব ফার্মা ও উৎসব কেয়ারের মাধ্যমে বাংলাদেশে প্রথম ডিজিটাল ফার্মেসির ব্যবস্থা করা হয়েছে বলে দাবি রায়হান জামানের।
সিএন/এমএ



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন