সোমবার, ১৬ মার্চ ২০২৬

শিরোনাম

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে রাশিয়া থেকে তেল কিনছে ভারত!

বৃহস্পতিবার, মার্চ ১৭, ২০২২

প্রিন্ট করুন

চলমান ডেস্ক: ইউক্রেনে সামরিক অভিযানের কারণে রাশিয়া থেকে তেল কেনায় নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে এই নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সস্তায় রাশিয়ার কাছ থেকে ভারত তেল কিনছে বলে জানা গেছে। 

যদিও যুক্তরাষ্ট্র জানিয়েছে, ভারত সস্তায় রাশিয়ার কাছ থেকে তেল কিনলে আপত্তি নেই তাদের। বুধবার (১৬ মার্চ) জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে এ খবর জানিয়েছে।

হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি বলেন, সব দেশের কাছে আমাদের বার্তাটা স্পষ্ট। আমরা যে নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছি তা মেনে চলা উচিত।

তাকে প্রশ্ন করা হয়েছিল, ভারত যদি ডিসকাউন্টে রাশিয়ার কাছ থেকে তেল কেনে তাহলে কি হবে? তিনি জানিয়েছেন, আমার মনে হয় না, এটা নিষেধাজ্ঞা লঙ্ঘন করবে।

তিনি বলেন, এটাও ভাবা দরকার, ইতিহাসের বইতে এই সময় নিয়ে কী লেখা হবে, কোনদিকে আপনারা থাকবেন? রাশিয়ার নেতৃত্ব সমর্থন করার অর্থ হলো তাদের আগ্রাসন সমর্থন করা। এই আগ্রাসনের প্রতিক্রিয়া ভয়ংকর হতে বাধ্য।

এদিকে রাশিয়া-ইউক্রেন সংঘাত নিয়ে এখনো পর্যন্ত কোনো পক্ষকে সমর্থন করেনি ভারত। তারা দুই পক্ষকেই আলোচনার মাধ্যমে বিরোধ মিটিয়ে নেওয়ার কথা বলেছে এবং জাতিসংঘে রাশিয়ার বিরুদ্ধে বা পক্ষে ভোটদানে বিরত থেকেছে।

অপরদিকে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ভারত রাশিয়ার কাছ থেকে তেল কিনলে তা নিষেধাজ্ঞার লঙ্ঘন হবে না ঠিকই। তবে কোয়াডের মধ্যে ভারত চাপে পড়তে পারে।

ভারতীয় বংশোদ্ভূত মার্কিন কংগ্রেসের সদস্য ড. অমি বেরা বলেন, যদি প্রতিবেদনগুলো সঠিক হয় এবং ভারত কম টাকায় রাশিয়ার তেল কেনার সিদ্ধান্ত নেয় তবে নয়াদিল্লি ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে ভ্লাদিমির পুতিনের পাশে থাকার সিদ্ধান্ত নেবে। এখন সারা বিশ্বের দেশগুলো ইউক্রেনের জনগণকে সমর্থন করছে এবং এই যুদ্ধের বিরুদ্ধে এক হয়েছে।

আইআই/সিএন

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন