বুধবার, ১৮ মার্চ ২০২৬

শিরোনাম

মার্কিন কংগ্রেসে জেলেনস্কির ভাষণ, চাইলেন সামরিক সহায়তা

বৃহস্পতিবার, মার্চ ১৭, ২০২২

প্রিন্ট করুন

চলমান ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসে ভাষণ দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদোমির জেলেনস্কি। ভার্চুয়ালি দেওয়া ভাষণে বর্তমান সময়কে ইউক্রেনের জন্য ‘সবচেয়ে অন্ধকার সময়’ বলে আখ্যায়িত করেছেন জেলেনস্কি। এসময় তিনি যুক্তরাষ্ট্রে ২০০১ সালের সন্ত্রাসী হামলার ভয়াবহতা স্মরণ করিয়ে দিয়ে নিজ দেশের জন্য আরও বেশি সামরিক সহায়তার আহ্বান জানিয়েছেন।

জেলেনস্কি ইউক্রেনের আকাশসীমাকে ‘নো ফ্লাই জোন’ ঘোষণা করার জন্য যুক্তরাষ্ট্রকে ফের তাগিদ দিয়েছেন। এসময় তিনি প্রশ্ন রেখে বলেন, ‘এটি (নো ফ্লাই জোন ঘোষণা) কি খুব বড় কোনো চাওয়া?’ যুক্তরাষ্ট্র ইউক্রেনের আকাশে নো ফ্লাই জোন ঘোষণা না করতে চাইলে বিকল্পভাবেও সহায়তা করতে পারে বলে জানিয়েছেন জেলেনস্কি। তিনি ইউক্রেনের আকাশ শত্রুমুক্ত রাখতে আরও বেশি প্রতিরক্ষা সরঞ্জাম সহায়তা দাবি করেছেন। এছাড়া রুশ রাজনীতিবিদদের উপর নিষেধাজ্ঞা আরও বাড়ানোরও আহ্বান জানিয়েছেন তিনি।

সমবেত মার্কিন রাজনীতিবিদদের ১৯৪১ সালের পার্ল হারবার এবং ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলার ভয়াবহতার কথা স্মরণ করিয়ে দিয়ে জেলেনস্কি বলেন, ইউক্রেনীয় নাগরিকেরা প্রতিদিন সেই একই ভয়াবহতা প্রত্যক্ষ করছে। তিনি বলেন, ‘আপনাদের মহান ইতিহাসে এমন কিছু পাতা রয়েছে যা থেকে ইউক্রেনীয় ইতিহাস বুঝতে পারবেন। এখন আমাদের বুঝুন।’

সরাসরি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে উদ্দেশ্য করে জেলেনস্কি বলেন, আমার ইচ্ছা আপনি বিশ্বের নেতা হয়ে উঠুন। বিশ্বের নেতা হওয়ার অর্থ শান্তির নেতা হওয়া।

তিনি বলেন, আপনার দেশে শান্তি আর শুধুমাত্র আপনার এবং আপনার জনগণের ওপর নির্ভর করে না। এটা নির্ভর করে আপনার পাশের লোকদের ওপর, যারা শক্তিশালী তাদের ওপর।  তিনি বলেন, ইউক্রেনীয়রা নিজেদের পাশাপাশি ‘ইউরোপ এবং বিশ্বের মূল্যবোধের জন্য লড়াই করছে।

আবেগপ্রবণ হয়ে ৪৫বছর বয়সী ইউক্রেনীয় নেতা বলেন, তার জীবনের কোন অর্থ নেই যদি তিনি ইউক্রেনীয় শিশুদের মৃত্যু রোধ করতে না পারেন। দেশের নেতা হিসাবে এটাই তার সবচেয়ে বড় উদ্বেগের বিষয়। কংগ্রেসে তার বক্তৃতার অংশ হিসাবে জেলেনস্কি একটি আবেদনময় ভিডিও চালান যাতে শান্তিকালীন ইউক্রেনের পাশাপাশি গত তিন সপ্তাহের যুদ্ধ ও ধ্বংসের ছবি উঠে এসেছে।

যুক্তরাষ্ট্র সংঘাতের শুরুতে ইউক্রেনের জন্য প্রায় ৩৫ কোটি ডলারের অস্ত্র দিয়েছে। গত মঙ্গলবার প্রেসিডেন্ট বাইডেন ট্যাঙ্ক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং বিমান-বিধ্বংসী ব্যবস্থা সহ নতুন দফা সামরিক সহায়তার জন্য আরও ৮০ কোটি ডলারের প্রতিশ্রুতি দেন।

এফআইটি/সিএন

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন