বান্দরবান প্রতিনিধি: পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠা ও উন্নয়নে অসামান্য অবদান রাখায় পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপিকে ‘পার্বত্য রত্ন’ খেতাব দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৭ মার্চ) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী উপলক্ষে বান্দরবান রাজার মাঠে বান্দরবান জেলা আওয়ামীলীগ আয়োজিত অনুষ্ঠানে বান্দরবান জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে বীর বাহাদুরকে এ খেতাব দেওয়া হয়েছে।
বান্দরবানে দীর্ঘ ৩০ বছর যাবত পরপর ৬ বার সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করা,শান্তিচুক্তির পর থেকে পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে অসামান্য অবদান, পার্বত্য শান্তিচুক্তি স্বাক্ষর ও বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখাসহ বিভিন্ন উল্লেখযোগ্য অবদান রাখার ভিত্তিতে বান্দরবান জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে তাকে এ খেতাবে ভূষিত করা হয়।
এতে বক্তব্য রাখেন বান্দরবান পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী সহ দলের সিনিয়র নেতৃবৃন্দ।
উল্লেখ্য,১৯৯১ সালে বীর বাহাদুর উশৈসিং প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। ষষ্ঠবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে পার্বত্য মন্ত্রনালয়ের মন্ত্রীর দায়িত্ব পান। এর আগে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। তিন পার্বত্য জেলার উন্নয়নে তার বিশেষ অবদান রয়েছে।
এছাড়াও দিবসটি উপলক্ষে জেলা আওয়ামীলীগ, জেলা প্রশাসন, জেলা পরিষদ সহ সরকারি ও বেসররকারী সকল দপ্তর সমূহে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, বিশেষ দোয়া, আনন্দ র্যালী,মিনি ম্যরাথন দৌড়, শিশু মেলা ও আলোচনা সভা সহ সপ্তাহ ব্যাপী নানান কর্মসূচীর আয়োজন করা হয়েছে।
আজিজ/আইআই/সিএন



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন