শনিবার, ১৪ মার্চ ২০২৬

শিরোনাম

কিছুটা কমেছে নিত্যপণ্য, পেঁয়াজের দাম কমে অর্ধেকে

শুক্রবার, মার্চ ১৮, ২০২২

প্রিন্ট করুন

চলমান ডেস্ক: কিছুদিন ধরে নিত্যপন্যের দাম বৃদ্ধিতে ভোগান্তিতে ছিলো দেশের মানুষের। তারমধ্যে কিছুদিন পরে আবার শুরু হচ্ছে পবিত্র রমজান মাস। এবার সেই ভোগান্তিতে কিছুটা হলেও স্বস্তি আসছে। দাম কমতে শুরু করছে তেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের। ইতিমধ্যে দেশের সর্ববৃহৎ পাইকারি বাজার খাতুনখঞ্জে পেঁয়াজের দাম প্রায় অর্ধেক হয়েছে গত সপ্তাহের তুলনায়। দাম কমেছে অন্যন্যা জিনিসেরও। ভোজ্য তেল নিয়ে অস্থিরতা কমেছে পাইকারি ও খুচরা বাজারে। আন্তর্জাতিক বাজারে সয়াবিন ও পাম তেলের বুকিং দর কমেছে অনেক। একই সঙ্গে সরকার তিন ধরনের ভ্যাট কমিয়েছে। আর ভোজ্য তেল পরিশোধনকারী বড় কারখানাগুলো তদারকি করায় পাইকারিতে খোলা সয়াবিন ও পাম তেলের দাম কমেছে। তবে এবার আমদানি বাড়ায় দাম না বেড়ে উল্টো কমেছে পেঁয়াজের। ১০ দিন আগে খাতুনগঞ্জের আড়তে এক কেজি পেঁয়াজ বিক্রি হয়েছিল ৫২ টাকা পর্যন্ত। এখন একই পেঁয়াজ সেই আড়তেই বিক্রি হচ্ছে ২৬ থেকে ২৯ টাকায়।

সব পেঁয়াজই ভারত ও মিয়ানমার থেকে আমদানি করা। ১০ দিনের ব্যবধানে প্রায় অর্ধেক দামেই বিক্রি হচ্ছে এই পেঁয়াজ অনেকটা আশ্চর্য হওয়ার মতোই। পাইকারির মতো খুচরায়ও কমেছে পেঁয়াজের দাম। ১০ দিন আগে ৫৫ টাকায় বিক্রি হওয়া পেঁয়াজ এখন চট্টগ্রামের কাজীর দেউড়ী খুচরা দোকানে ৩৮ টাকায়। ভোজ্য তেল নিয়ে ভোক্তাদের শঙ্কার মধ্যে কাটলেও পেঁয়াজ নিয়ে রমজানে এবার বেশ স্বস্তিতে থাকবে তারা। তবে ব্যবসায়ীরা, বিশেষ করে সরাসরি যাঁরা পেঁয়াজ আমদানি করেছেন তাঁরা বেশ লোকসান গুনছেন।

খাতুনগঞ্জের এক পেঁয়াজ আমদানিকারক জানান, ভারত থেকে আমদানি কমে যাওয়ায় দাম বাড়তির দিকে ছিল। সেই সুবাদে রমজানে চাহিদা বেশি থাকে বলে আমরা মিয়ানমার থেকে প্রচুর পেঁয়াজ আমদানি করেছি। যেই টেকনাফ দিয়ে পেঁয়াজ আসতে শুরু করল অমনিই ভারত থেকেও বিপুল পেঁয়াজ আসতে লাগল। ফলে বাজারে ধস নামল। 

জানা গেছে, টেকনাফ স্থলবন্দর দিয়ে মিয়ানমার থেকে এক হাজার ৬০০ টন পেঁয়াজ খালাসের অপেক্ষায় আছে। ইঞ্জিন বোটে করে সেই পেঁয়াজ স্থলবন্দরে অপেক্ষায় আছে। সেই পেঁয়াজ বাজারে এলে আরো দাম কমবে বলে ধারণা খাতুনগঞ্জ আড়তদারদের।

দাম বেশি নিলে ব্যবস্থার ঘোষণা ব্যবসায়ীদের : সরকার নির্ধারিত দামের চেয়ে যারা ভোজ্যতেলের দাম বেশি নেবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন দেশের অন্যতম বৃহৎ ভোগ্যপণ্যের পাইকারি বাজার খাতুনগঞ্জের ব্যবসায়ীরা। বৃহস্পতিবার (১৭ মার্চ) দুপুরে এক বৈঠকে এ ঘোষণা দেন তারা।

দাম নিয়ে দেশজুড়ে অস্থিরতার মধ্যে সরকার ভোজ্যতেল আমদানিতে ভ্যাট প্রত্যাহার করে নিয়েছে। এরপরও তেলের দাম নিয়ে সমালোচনার কমতি নেই। এ সমালোচনার মধ্যেই বৈঠকে বসেন তারা। দুপুরে খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এসময় সংগঠনটির সভাপতি ও চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুুবুল আলম বলেন, সরকার ভোজ্যতেলের দাম নির্ধারণ করে দিয়েছেন। যারা এর বেশি দামে তেল বিক্রি করবেন তাদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নেবে। কেউ দাম বেশি নিলে এর দায় খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ নেবে না।

এফআইটি/সিএন

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন