সোমবার, ১৬ মার্চ ২০২৬

শিরোনাম

জাহাজের ধাক্কায় লঞ্চডুবি, ৬ জনের লাশ উদ্ধার

রবিবার, মার্চ ২০, ২০২২

প্রিন্ট করুন

চলমান ডেস্ক: নারায়ণগঞ্জের কয়লাঘাটে শীতলক্ষ্যা নদীতে মালবাহী জাহাজের ধাক্কায় যাত্রীবাহী লঞ্চডুবির ঘটনায় এখনো পর্যন্ত ৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া লাশগুলোর মধ্যে একজন শিশু, একজন নারী ও চারজন পুরুষ রয়েছে বলে জানা গেছে। প্রাথমিকভাবে মৃতদের পরিচয় জানা যায়নি।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম সূত্র জানায়, রোববার বেলা আড়াইটার দিকে বন্দর থানার আল আমিন নগর ও সৈয়দপুরের মাঝামাঝি কয়লাঘাট এলাকায় নির্মিতব্য নাসিম ওসমান ব্রিজের কাছে একটি কার্গো জাহাজের ধাক্কায় লঞ্চটি ডুবে যায়। স্থানীয়রা জানান, ডুবে যাওয়া লঞ্চটি নারায়ণগঞ্জ থেকে মুন্সীগঞ্জ যাচ্ছিল। এতে শতাধিক যাত্রী ছিল। তাদের মধ্যে অনেকে সাঁতরে তীরে উঠেছেন। তবে অনেক যাত্রী নিখোঁজ রয়েছেন বলে জানান যাত্রী ও স্থানীয়রা।

ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার বলেন, এমভি রুপসি-৯ নামের জাহাজটি এম এল আফসার উদ্দিন লঞ্চটিকে ধাক্কা দেয়। এতে লঞ্চে থাকা ৫০-৬০ যাত্রী পানিতে ডুবে যান। কয়েকজন সাঁতরিয়ে তীরে উঠলে পরলেও এখনো অনেকে নিখোঁজ রয়েছেন।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, এখন পর্যন্ত ছয়জনের লাশ উদ্ধার করা হয়েছে। লাশগুলো ফায়ার সার্ভিসের হেফাজতেই আছে। তবে মৃত উদ্ধারকৃতদের নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি। উদ্ধারকাজ শেষে হতাহতের সংখ্যা বলা যাবে।

তিন সদস্যের তদন্তে কমিটি গঠন: শীতলক্ষ্যা নদীতে লঞ্চডুবির কারণ উদঘাটন করে দায়ীদের শনাক্তে তিন সদস্যের তদন্ত কমিটি করেছে নৌ-পরিবহন মন্ত্রণালয়। আজ রোববার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আ ন ম বজলুর রশীদকে আহ্বায়ক করে এ কমিটি গঠন করা হয়। বিআইডব্লিউটিএর পরিচালক (নৌ নিরাপত্তা ও ট্রাফিক) মুহাম্মদ রফিকুল ইসলামকে কমিটির সদস্যসচিব করা হয়েছে। 

এ ছাড়া নৌ-পরিবহন অধিদপ্তরের নটিক্যাল সার্ভেয়ার অ্যান্ড এক্সামিনার ক্যাপ্টেন আবু সাইদ মোহাম্মদ দেলোয়ার রহমানকে কমিটির সদস্য করা হয়েছে। কমিটি দুর্ঘটনাস্থল পরিদর্শন করে কারণ উদঘাটন ও দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তি বা সংস্থাকে শনাক্ত করবে। তিন কার্যদিবসের মধ্যে কমিটিকে নৌ-পরিবহন মন্ত্রণালয়ে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এফআইটি/সিএন

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন