চলমান ডেস্ক: ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনায় বসতে তিনি প্রস্তুত রয়েছেন। কিন্তু তিনি সতর্ক করে বলেছেন, যদি কোনও ধরনের আলোচনার উদ্যোগ ব্যর্থ হয়, তাহলে এর অর্থ হবে দুই দেশের লড়াই একটি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে যাবে। রবিবার আন্তর্জাতিক গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি এসব কথা বলেছেন।
জেলেনস্কি বলেন, আমি তার (পুতিন) সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত। আমি গত দুই বছর ধরেই প্রস্তুত ছিলাম। এবং আমি মনে করি আলোচনা ছাড়া আমরা এই যুদ্ধ শেষ করতে পারব না।
তিনি আরও বলেন, যদি যুদ্ধ বন্ধের ১ শতাংশ সুযোগও থাকে, আমি মনে করি সেই সুযোগ আমাদের নেওয়া উচিত। আমাদের সেই কাজটা করতে হবে। আমি এই আলোচনার ফলাফল সম্পর্কে বলতে পারি – যাই হোক না কেন, আমরা প্রতিদিন নিষ্পাপ মানুষের মৃত্যু দেখছি।
জেলেনস্কি বলেন, রুশ বাহিনী এসেছে আমাদের নির্মূল করতে, হত্যা করতে। তবে আমরাও পাল্টা আক্রমণ করেছি। কিন্তু, দুর্ভাগ্যবশত,সেটা দিয়ে জীবন রক্ষা করা যাচ্ছে না। তাই আমি মনে করি আমাদের যেকোনো ভাবেই আলোচনা করা, পুতিনের সঙ্গে কথা বলার সুযোগ নেওয়া উচিত। কিন্তু যদি এই প্রচেষ্টা ব্যর্থ হয়, তার মানে এটা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে যাবে।’
আলোচনার জন্য বেশ কয়েকবার আহ্বান জানিয়েছেন জেলেনস্কি। শনিবার এক ভিডিও বার্তায় তিনি দেরি না করে আলোচনায় বসার আহ্বান জানান। সতর্ক করে তিনি বলেছিলেন, তা না হলে রাশিয়ার ক্ষয়ক্ষতি হবে ব্যাপক।
অপরদিকে, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু বলেছেন, গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে সমঝোতার কাছাকাছি পৌঁছেছে রাশিয়া ও ইউক্রেন। এখন পর্যন্ত যে অগ্রগতি হয়েছে সেটি থেকে পিছিয়ে না গেলে উভয় পক্ষের মধ্যে একটি যুদ্ধবিরতির বিষয়ে তিনি আশাবাদী। রবিবার প্রকাশিত এক সাক্ষাৎকারে নিজের এমন আশাবাদের কথা জানিয়েছেন তিনি।
এফআইটি/সিএন



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন