মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

শিরোনাম

মহান স্বাধীনতা দিবস আজ, স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের ঢল

শনিবার, মার্চ ২৬, ২০২২

প্রিন্ট করুন

চলমান ডেস্ক: ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস। স্বাধীনতার এই ৫১ বছর উদযাপনে জাতীয় স্মৃতিসৌধে আজ শনিবার শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানায় জাতি। রাজনৈতিক নেতা থেকে শুরু করে খেটে খাওয়া মেহনতি মানুষের ভালোবাসায় সিক্ত হন মহান মুক্তিযুদ্ধের শহীদ সন্তানরা। সকাল ৫টা ৫০ মিনিটের দিকে জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদীতে প্রথমে রাষ্ট্রপতি এবং পরে প্রধানমন্ত্রী পুষ্পস্তবক অর্পণ করেন।

আওয়ামী লীগের পক্ষ থেকে দলের সভাপতি হিসেবে আরও একবার শ্রদ্ধা নিবেদন করেন শেখ হাসিনা। তার সঙ্গে ছিলেন দলের জ্যেষ্ঠ ও কেন্দ্রীয় নেতারা। তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করে ১৪ দল। এরপর শ্রদ্ধা জানাতে আসেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। 

পরে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের নেতৃত্বে স্মৃতিসৌধে আসা বীরশ্রেষ্ঠ পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধারা শ্রদ্ধা জানান।

রাষ্ট্রীয় আয়োজন শেষে স্মৃতিসৌধ খুলে দেয়া হয় সব শ্রেণি-পেশার মানুষের জন্য। ঢাকায় অবস্থানরত বিদেশি কূটনীতিক, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ ফুল দিয়ে বিনম্র চিত্তে স্মরণ করেন মহান মুক্তিযুদ্ধের শহীদদের।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা: ৫১ তম মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল ৫টা ৫০ মিনিটের দিকে স্মৃতিসৌধের বেদীতে প্রথমে রাষ্ট্রপতি এবং পরে প্রধানমন্ত্রী পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

এ সময় ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের স্মরণে কয়েক মিনিট নীরবে দাঁড়িয়ে থাকেন তারা। তার সঙ্গে বিউগলে করুণ সুর বাজানো হয় এবং সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি চৌকস দল অভিবাদন জানায়। এ সময় প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্যরা, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সংসদ সদস্য, তিন বাহিনীর প্রধান, মুক্তিযোদ্ধা, বিদেশি কূটনীতিক এবং উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শেষে ৬টা ০৮ মিনিটের দিকে তারা স্মৃতিসৌধ প্রাঙ্গণ ত্যাগ করেন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন