শনিবার, ১৪ মার্চ ২০২৬

শিরোনাম

চুয়েটে তিন দিনের ই-নথি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু

শুক্রবার, এপ্রিল ১, ২০২২

প্রিন্ট করুন

চট্টগ্রাম: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সব দাপ্তরিক কার্যক্রম ই-নথির মাধ্যমে পরিচালনার লক্ষ্যে তিন দিনব্যাপী ‘ই-নথি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ মার্চ) সকালে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সহযোগিতায় এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন ইউজিসির সদস্য অধ্যাপক মো. সাজ্জাদ হোসেন। এতে অতিথি ছিলেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক মোহাম্মদ রফিকুল আলম।

আইকিউএসির পরিচালক অধ্যাপক আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ফারুক-উজ-জামান চৌধুরী, ইউজিসির ইনফরমেশন ম্যানেজমেন্ট, কমিউনিকেশন অ্যান্ড ট্রেনিং বিভাগের পরিচালক মোহাম্মদ মাকছুদুর রহমান ভূঁইয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ ফজলুর রহমান।

মো. সাজ্জাদ হোসেন বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ এখন বাস্তবতা। ডিজিটাল সুবিধা গ্রহণের মাধ্যমে দৈনন্দিন জীবনযাত্রা অনেক সহজ হয়ে গেছে। বাংলাদেশ এখন স্যাটেলাইট প্রযুক্তিকে কাজে লাগিয়ে এগিয়ে যেতে চায়। বাংলাদেশ এখন ক্যাশলেস সোসাইটি বিনির্মাণের পথেই হাঁটছে। ই-নথি সরকারের একটি সময়োপযোগী পদক্ষেপ। চুয়েট এ ক্ষেত্রে এগিয়ে আসায় আমরা সাধুবাদ জানাচ্ছি।’

কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও অফিসের শিক্ষক ও কর্মকর্তারা অংশ নেন।

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন