চলমান ডেস্ক: রাশিয়া ইউক্রেনের যুদ্ধ শুরুর পর থেকে তেলের বিশ্ববাজার বেশ অস্থিতিশীল হয়ে পড়েছে। দফায় দফায় বেড়েছে তেলের দাম। আর এতে দিশেহারা হয়ে পড়েছে তেল সংকটে থাকা দেশগুলো। ভারতও এর বাইরে নয়। তবে বেশ কিছুদিন ধরে গুঞ্জন উঠেছে রাশিয়া থেকে সস্তায় তেল কিনছে ভারতীয়রা। আর এতে আপত্তি জানিয়ে বসেছে আমেরিকা। বিষয়টি নিয়ে এতদিন কোন মন্তব্য না আসলেও দিল্লি সফরে এসে ভারতীয় বংশোদ্ভূত মার্কিন ডেপুটি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা দালীপ সিং এবার ভারতকে হুঁশিয়ার করে দিয়েছেন।
শুক্রবার (১ মার্চ) ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয় বিদেশ সচিব হর্ষ শ্রীংলার সঙ্গে সাক্ষাতের শেষে দালীপ সিং বলেন, ‘কেউ যদি মার্কিন ফাঁকি দেওয়ার চেষ্টা করে তবে তাদের ফল ভুগতে হবে৷’
রাশিয়া থেকে ভারতের তেল আমদানি প্রসঙ্গে দালীপ বলেন, ‘আমরা চাই না যে আচমকা ভারত রাশিয়া থেকে তেল কেনার পরিমাণ বাড়িয়ে দিক। আমেরিকার তরফে এই ক্ষেত্রে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আমি এখানে আমাদের বন্ধুত্বের খাতিরে এসেছি আমাদের নিষেধাজ্ঞার বিষয়টি ভারতকে বোঝাতে। ‘
তিনি বলেন, যে দেশগুলি সক্রিয়ভাবে এই নিষেধাজ্ঞাগুলিকে ফাঁকি দেওয়ার চেষ্টা করে তাদের এর ফল ভুগতে হবে৷’ যদিও সেক্ষেত্রে কী ধরনের পদক্ষেপ করা হতে পারে, তা নিয়ে মুখ খুলতে চাননি দালীপ সিং।
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র রাশিয়ার ওপর যে নিষেধাজ্ঞা আরোপ করেছে, তাতে রাশিয়ার কাছ থেকে তেল কেনার ক্ষেত্রে অন্য দেশগুলোর ওপর কোনও নিষেধাজ্ঞা জারি করেনি। তবে একাধিক পদক্ষেপের পরও রাশিয়ার সেনা ইউক্রেনে তাদের আগ্রাসন থামাচ্ছে না। এই পরিস্থিতিতে রাশিয়ার বিরুদ্ধে আরও কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। এদিকে ভারতসহ কিছু দেশ রাশিয়া থেকে স্বাভাবিকের চেয়ে বেশি অপরিশোধিত তেল কিনছে কারণ রাশিয়া সস্তা দামে তেল বিক্রি করছে। এই বিষয়টি ভালো চোখে দেখছে না ওয়াশিংটন।
আইআই/সিএন



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন