চলমান ডেস্ক : পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি সে দেশের প্রধানমন্ত্রী ইমরান খানের পরামর্শে জাতীয় সংসদ ভেঙে দিয়েছেন। পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি বলেছেন, সরকার সংবিধান লঙ্ঘন করেছে। অনাস্থা প্রস্তাবে ভোট দিতে দেয়নি। ঐক্যবদ্ধ বিরোধী দল সংসদ ছাড়ছে না।
রোববার প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, তিনি প্রেসিডেন্টকে পার্লামেন্ট ভেঙে দেওয়ার পরামর্শ দিয়েছেন। দেশটির সংবিধানের ৫ম অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় তার বিরুদ্ধে বিরোধী দলগুলোর আনা অনাস্থা প্রস্তাব খারিজ করে দেওয়া হয়।
সবাইকে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে ইমরান খান বলেন, ইতোমধ্যে আমি রাষ্ট্রপতির কাছে বার্তা পাঠিয়েছি যে, অ্যাসেম্বলি (জাতীয় সংসদ) ভেঙে দিন। আমরা একটি গণতান্ত্রিক সমাজে বসবাস করি। জনগণ যার পক্ষে রায় দেবে তাকেই সবাই মেনে নেবে। বিদেশী কারো উসকানিতে নয়।
এ সময় বিরোধী নেতাদের সমালোচনা করে তিনি বলেন, বিদেশ থেকে পাঠানো একটি ষড়যন্ত্র আজ ডেপুটি স্পিকার খারিজ করে দিয়েছেন। এ জন্য আমি সবাইকে মোবারকবাদ জানাই। গোটা জাতি আজ পেরেশান ছিল, কি গাদ্দারি হয়। আমি সবাইকে বলে দিতে চাই এমন ষড়যন্ত্র জাতি মেনে নেবেনা। আমরা আইনি শক্তি ব্যবহার অনাস্থা প্রস্তাব খারিজ করেছি।
নির্বাচনের জন্য দেশবাসীকে প্রস্তুত হওয়ার আহ্বান জানান ইমরান খান। অনাস্থা প্রস্তাবে ভোট শুরু হওয়ার আগে বিক্ষোভ, জমায়েত বন্ধ করতে পাকিস্তানের ইসলামাবাদে ১৪৪ ধারা জারি করা হয়। কড়া নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে দেশটির ন্যাশনাল অ্যাসেম্বলির বাইরেও। ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে ভোট রোববার (৩ এপ্রিল) অনুষ্ঠিত হবে বলে আগেই জানিয়েছিলেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রাশিদ আহমেদ।
তবে ইমরান খান হাল ছাড়তে অস্বীকৃতি জানিয়েছিলেন। শনিবার রাতে এক টিভি চ্যানেলের প্রশ্নোত্তরে ইমরান খান বলেন, শেষ মুহূর্তে কিছু চমক আসবে। তিনি শেষ বল পর্যন্ত খেলবেন। অনাস্থা প্রস্তাবকে তিনি বিদেশিদের প্ররোচনায় দুর্নীতিগ্রস্ত বিকিয়ে যাওয়া বিরোধীদের চাল বলে আখ্যায়িত করে আসছেন। ইমরান জনগণকে এর প্রতিবাদে রাস্তায় নামারও আহ্বান জানিয়েছেন।
শেষ পর্যন্ত চমকই দেখা গেল ইমরান খানের ক্ষেত্রে। এবার তিনি জনগণকে ভোটের জন্য প্রস্তুত হতে বলেছেন।
এফআইটি/সিএন



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন